পায়েল হত্যা: বাসচালকসহ তিনজনের মৃত্যুদণ্ড

আপডেট : ০১ নভেম্বর ২০২০, ১৬:০৫

নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী পায়েল হত্যা মামলায় হানিফ পরিবহনের বাসচালকসহ তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

রবিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বাসচালক জামাল হোসেন, বাসের সুপারভাইজার জনি ও হেলপার ফয়সাল হোসেন। রায় ঘোষণার সময় আদালতের এজলাসে ছিলেন আসামিরা। 

সাইদুর রহমান পায়েল নর্থ সাউথের বিবিএ পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

২০১৮ সালের ২১ জুলাই রাতে পায়েল হানিফ পরিবহনের একটি বাসে চট্টগ্রাম থেকে ঢাকায় রওনা হওয়ার পর নিখোঁজ হন। এর দুইদিন পর ২৩ জুলাই মুন্সীগঞ্জের ভাটেরচর সেতুর নিচে খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

এই ঘটনায় ২৪ জুলাই পায়েলের মামা বাদী হয়ে বাসচালক, সহকারী ও সুপারভাইজারকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

পায়েল। ছবি: সংগৃহীত

পুলিশ জানায়, গজারিয়া এলাকায় যানজটের সময় প্রসাব করার কথা বলে বাস থেকে নামেন পায়েল। যানজট শেষে বাস চলতে শুরু করলে তিনি দৌড়ে বাসে ওঠার চেষ্টা করেন।

এসময় দরজার সঙ্গে ধাক্কা খেয়ে জ্ঞান হারান পায়েল। তাকে হাসপাতালে নেওয়ার বদলে ভাটেরচর সেতু থেকে নিচের খালে ফেলে বাস নিয়ে ঢাকায় চলে যান চালক ও সুপারভাইজার।

 

ইত্তেফাক/জেডএইচ