দেড় মাসের খেলোয়াড় দলবদল

আপডেট : ০১ নভেম্বর ২০২০, ২১:০৮

প্রথম দিন ছিল ফাঁকা

 স্পোর্টস রিপোর্টার

পুরো দেড় মাসের দলবদল। এক সঙ্গে দেশি এবং বিদেশি ফুটবলারদের রেজিস্ট্রেশন চলবে। ক্লাবগুলো প্রস্তুতি নিচ্ছে। গতকালই শুরু হয়েছে খেলোয়াড় রেজিস্ট্রেশন সময়। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিনে কোনো রেজিস্ট্রেশন হয়নি। এমনই হয়ে থাকে। রেজিস্ট্রেশনের লম্বা সময় দেওয়া হলে প্রথম কয়েক দিন তো দূরের কথা অনেক সময় ১০/১৫ দিনেও কোনো ক্লাব নাম জমা দেয় না। তাছাড়া এবার করোনার কারণে ফুটবল দলবদলে ভিন্ন মাত্রা যোগ হয়েছে। যেসব ফুটবলার স্থগিত হওয়া মৌসুমে যে যেখানে খেলেছেন, সেসব দলের খেলোয়াড়রা সেখানেই থেকে যেতে পারেন। এটা দুই ক্লাবের সমঝোতায় চুক্তি হবে। আর যাদের রাখা হবে না তাদের নামগুলো ক্লাব থেকে বাফুফেকে জানিয়ে দেওয়া হয়েছে। সেই তালিকার ফুটবলাররা যদি অন্য ক্লাব না পান তাহলে পুরোনো ক্লাবে ফিরে যেতে পারবেন।  বাফুফেসংশ্লিষ্ট কর্মকর্তা জাবের বিন আনসারী বলেন, ‘নতুন কোনো নাম দেওয়ার সুযোগ নেই। বেঁধে দেওয়া সময় শেষ।’

৯ ক্লাব হতে ৫৭ জন ফুটবলারের নাম জমা পড়েছে। এরা যে কোনো ক্লাবে যোগ দিতে পারেন। নাম বললেই চট করে চিনে ফেলবে দর্শক, এমন কোনো খেলোয়াড়ের নাম তালিকায় নেই। আরামবাগ পুরোনো ১৭ জন ফুটবলারকে ছেড়ে দিয়েছে। তারা নতুন করে দল গঠন করবে। বসুন্ধরা কিংস সাত ফুটবলার ছেড়েছে, এরা কেউ মুখ চেনা খেলোয়াড় না।

আবাহনীতে গত মৌসুমে যারা খেলেছেন তারাই আবার বর্তমান দলে খেলবেন। আবাহনী এক জন ফুটবলারের নামও জমা দেয়নি। নাম নেই ব্রাদার্স, রহমতগঞ্জের মতো দলগুলোর নাম। তারা ঘরের কাজ সেরে রাখলেও নাম রেজিস্ট্রেশন করতে সময় নিচ্ছে। মোহামেডান যাদের ছেড়ে দিয়েছে তারা হলেন—গোলকিপার হিমেল, সজিব, অনিক ঘোষ, সাবেক ফুটবলার আবুল হোসেনের ছেলে আবিদ হোসেনসহ ৯ ফুটবলার আছেন এই তালিকায়।