আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় জামায়াত নেতার নেতৃত্বে স্থানীয় প্রভাবশালীরা পানি চলাচলের স্লুইস গেট বন্ধ করে মাছ চাষ করায় জমিতে চাষাবাদ করতে পারছেন না ওই এলাকার কৃষকরা। এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা ও থানার ওসির কাছে দেড় শতাধিক কৃষক লিখিত অভিযোগ করেছেন।
উপজেলার বাগধা ইউনিয়নের ২নং ওয়ার্ড আমবৌলা গ্রামের ইউনুছ আলী মিয়া, দেলোয়ার হোসেন, মশিউর রহমান, কাইয়ুম তালুকদারসহ দেড় শতাধিক ভুক্তভোগী কৃষকের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, পয়সাহাট-বাগধা কলেজ সড়কের কলেজের উত্তর পাশের স্লুইস গেট বাঁধ দিয়ে বন্ধ করে গত কয়েক বছর যাবত সেখানে ঘের বানিয়ে মাছ চাষ করে আসছেন স্থানীয় বাগধা কলেজের ইসলামী ইতিহাস বিভাগের প্রভাষক, জেলা গোয়েন্দা পুলিশের তালিকাভুক্ত উপজেলা জামায়াত নেতা রেজাউল ফেরদৌস রুশো বয়াতির নেতৃত্বে স্থানীয় কয়েকজন। ফলে ওই কৃষকরা জমিতে পানি সেচ ও নিষ্কাশন দিতে না পেরে সময়মতো ধানের চারা রোপণ করতে পারছেন না। ফলে অসময়ে চাষাবাদ করায় আশাতীত ফলন না পেয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র দাস ওই এলাকার কৃষকদের অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয় চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি ও স্থানীয় সমাজ সেবক আবুল বাশার হাওলাদারকে লোকজন দিয়ে দ্রুত ওই বাঁধ কেটে অপসারণ করতে বলা হয়েছে।
সমাজ সেবক আবুল বাশার হাওলাদার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ অনুযায়ী সোমবার বিকালেই ঘটনাস্থলে গিয়ে বাঁধ অপসারণের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।
এদিকে অভিযুক্ত রেজাউল ফেরদৌস রুশো জামায়াতের সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, তিনি বা তার পরিবার সরাসরি দল না করলেও আওয়ামী লীগ সমর্থক। স্থানীয় জমির মালিকদের সঙ্গে নিয়ে পাঁচ বছর যাবত তারা মাছ চাষ করার সত্যতা স্বীকার করে বলেন, তিন/চার দিন আগে মাছ ধরার জন্য খালের মুখে বাঁধ দেওয়া হয়েছে। মাছ ধরা হলেই বাঁধ অপসারণ করা হবে।
