খুলনার ২২ খালের অবৈধ দখল উচ্ছেদসহ সাত দফা বাস্তবায়নের দাবি

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২২:১৩

খুলনা অফিস

খুলনা মহানগরীর ময়ূর নদীসহ ২২ খালের অবৈধ দখল উচ্ছেদ ও নগরীর ড্রেনেজ সংস্কারসহ অবিলম্বে সাত দফা বাস্তবায়নের দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। সোমবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২১ জানুয়ারি সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও সিটি মেয়রের কাছে স্মারকলিপি প্রদান, ২২ জানুয়ারি জেলা প্রশাসকের কাছে এবং ২৩ জানুয়ারি বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান।

সংবাদ সম্মেলনে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ জামান লিখিত বক্তব্য রাখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ মোশাররফ হোসেন, অধ্যক্ষ জাফর ইমাম, ইঞ্জিনিয়ার আজাদুল হক প্রমুখ।