রোনালদো-ইব্রার রাতে নায়ক বেলও

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২০:৪৭

জ্লাটান ইব্রাহিমোভিচ সিরি’আয় আলো ছড়াচ্ছিলেন আগে থেকেই, ছড়ালেন এসি মিলানের সর্বশেষ ম্যাচে। তার সঙ্গে রবিবার রাতে যোগ দিয়েছেন সদ্য করোনামুক্ত হওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোও। তার জোড়া গোলেই স্পেজিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে জয়ে ফিরেছে জুভেন্তাস। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে গোল করে টটেনহ্যামকে জয় পাইয়ে দিয়েছেন সাবেক রোনালদো সতীর্থ গ্যারেথ বেলও।

উদিনেসের মাঠে ইব্রার গোলটা এসেছে ৮৩ মিনিটে, ম্যাচে যখন সমতা ছিল ১-১ গোলে। তার দূরন্ত বাইসাইকেল কিকেই ২-১ গোলের জয় নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে মিলান।

রোনালদোও মাঠে নেমেছেন ম্যাচ যখন ১-১ সাম্যাবস্থায়। ৫৬ মিনিটে মাঠে এসে দলকে এগিয়ে দেন ৫৯ মিনিটেই, এরপর ৭৬ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে ম্যাচটা স্পেজিয়ার ধরাছোঁয়ার বাইরেই নিয়ে যান তিনি।

তবে এমন নৈপুণ্যের পরও কোচ আন্দ্রে পিরলো রোনালদোর প্রশংসায় ছিলেন বেশ মিতব্যয়ী। বললেন, ‘গোলের সুযোগ প্রথমার্ধেও তৈরি করছিলাম আমরা। গোলমুখে আরো বেশি নিখুঁত হওয়া প্রয়োজন ছিল, সুযোগগুলোকে ঠিকঠাক সম্পাদন করার দরকার হয়ে পড়ছিল। তারপর রোনালদো এলো, আর তার কাজটা করে গেল।’

কোচের প্রশংসা খুব না পেলেও রোনালদো এদিন পেয়েছেন ভুলে যেতে বসা এক কীর্তির স্বাদ। সেই ২০০৬ সালে উইগান অ্যাথলেটিকের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে জোড়া গোল করেছিলেন রোনালদো, স্পেজিয়ার বিপক্ষে এ জোড়া গোলে ১৪ বছর পর বদলি হিসেবে মাঠে নেমে একাধিক গোলের কীর্তি দেখান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

রোনালদো-ইব্রাদের রাতে পাদপ্রদীপের আলোয় ছিলেন গ্যারেথ বেলও। রোনালদোর মতোই ১-১ সমতায় মাঠে আসেন, গোলটাও করেন ঠিক তিন মিনিট পরই। তাতে ব্রাইটনের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় কোচ হোসে মরিনহোর টটেনহ্যাম।

এই বেলকেই রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান গেল মৌসুমে খেলিয়েছেন সাকুল্যে ১২৫০ মিনিট। নায়ক বেলের কীর্তির পর টটেনহ্যাম কোচ মরিনহো রিয়ালকে খোঁচা দেওয়ার সুযোগটা ছাড়লেন না, ‘তার গোলে আমি বেশ আনন্দিত, কারণ সে এর যোগ্য। পাঁচটা মিনিট সময় পেলেই আমি সাফারিতে ঢুকবো রিয়াল মাদ্রিদের ওয়েবসাইট দেখতে, দেখবো তারা তার ব্যাপারে কী বলে!’

লন্ডনের অন্য দল আর্সেনালও এ রাতে পেয়েছে স্মরণীয় এক জয়। পিয়েরে এমেরিক অবামেয়াংয়ের পেনাল্টিতে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে ২০০৬ সালের পর প্রথম জয় পেয়েছে গানাররা।

এক নজরে

n      জুভেন্তাস ৪-১ স্পেজিয়া

n       টটেনহ্যাম ২-১ ব্রাইটন 

n    এসি মিলান ২-১ উদিনেস