হোমনায় স্টেডিয়ামের মালামালসহ ১৫ গ্যাস লাইনের রাইজার চুরি

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২২:১৬

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

হোমনা শেখ রাসেল মিনি স্টেডিয়ামের বাথরুমের সেনেটারি মালামালসহ উপজেলার পনেরো বাড়ির আবাসিক গ্যাস সরবরাহ লাইনের রাইজার চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার রাতে উপজেলা সদরে এ গণচুরির ঘটনা ঘটেছে। এলাকা ঘুরে জানা গেছে, উপজেলা সদরের আদর্শ উচ্চ বিদ্যালয় ও কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-৩ অফিস রোডের পনেরোটি বাসার গ্যাস সরবরাহ লাইনের রাইজার ও শেখ রাসেল মিনি স্টেডিয়ামের বাথরুম থেকে সেনেটারি মালামাল চুরি হয়েছে। রাইজার মালিক মোঃ জয়নাল আবেদীন, দুলাল মিয়া, মোঃ আরিফুল ইসলাম, শহিদুল্লাহ, ফজলু মিয়া, আবদুল মতিন, মোঃ সিরাজুল ইসলাম, জহিরুল ইসলাম, মতিউর রহমান, মোঃ তোফাজ্জল হোসেন, আঃ মান্নান, সহিদুল্লাহ মোঃ আসাদ, মোঃ জামাল মিয়া, মোঃ জালালউদ্দিনের বাড়ির আবাসিক গ্যাসের রাইজার চুরি হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্ত গ্যাসের গ্রাহক মোঃ শহিদুল্লাহ এসব গ্যাস রাইজার চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।

হোমনা ক্রীড়া পরিষদের কেয়ার টেকার মোরশেদ আলম জানান, গতকাল রাতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের বাথরুমের তালা ভেঙে রুমের  সেনেটারি  সব মালামাল চুরি করে চোরেরা। হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোঃ ফজলে রাব্বী বলেন, চুরির ঘটনার কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।