লালপুরে যুবলীগ নেতা হত্যা মামলার সাত আসামির আত্মসমর্পণ

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২২:১৬

লালপুর (নাটোর) সংবাদদাতা

লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিল এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ নেতা জাহারুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মাসুদ কাউন্সিলরসহ ৭ আসামি গত রবিবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করলে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

নাটোর আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, লালপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহারুল ইসলাম খুনের মামলার প্রধান আসামি গোপালপুর পৌরসভার কাউন্সিলর মাসুদ রানা, মনজুর রহমান মঞ্জু, মোস্তাফিজুর রহমান মুস্তাক, মো. বিকি, মো. মানিক, মো. জীবন ও বরাত আলী রবিবার দুপুরে লালপুর আমলি আদালতে আত্মসমর্পণ করেন। তাদের পক্ষে আইনজীবী দীনেশ চন্দ্র জামিন শুনানি করেন। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুলতান মাহমুদ তাদের জামিনের আবেদন না মঞ্জুর করেন এবং তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর পরই তাদেরকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়। আদালত-পুলিশ পরিদর্শক  আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।