ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন মেম্বাররা। সোমবার সকালে নগর বাথান বাজারের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন ওই ইউনিয়নের ১১ জন মেম্বার।
তারা অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম সরকারি বিভিন্ন প্রকল্প আংশিক বা কাজ না করেই টাকা আত্মসাত্ করে আসছেন। এ নিয়ে ইউপি মেম্বাররা প্রতিবাদ করলে তাদেরও লাঞ্ছিত হতে হয়। তার এই দুর্নীতিমূলক কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি ইউপি মেম্বারদের। সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেম্বার কলিমুদ্দিন।
তবে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে চেয়ারম্যান বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক বিগত ইউপি নির্বাচনে তার প্রতিপক্ষ হিসেবে কাজ করেছেন। আমি নির্বাচিত হওয়ার পর আমার সুনাম নষ্ট করার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন।
তিনি আরও বলেন, প্রতিটি ওয়ার্ডের মেম্বাররা প্রতিটি প্রকল্পের সভাপতি। তার এলাকায় কোনো কাজ হলে তারা নিজে তা দেখভাল করেন। তাদের স্বাক্ষরে বিল পাস হয়। এক্ষেত্রে আমার কোনো দুর্নীতি করার সুযোগ নেই।
