স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া শহরে করতোয়া নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সেখানে সেতু নির্মাণের দাবিতে রবিবার মানববন্ধন করেছে চেলোপাড়া এলাকাবাসী। শহরের সাতমাথায় এ মানববন্ধন পালিত হয়। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি বগুড়া জেলা প্রশাসকের কাছে প্রদান করা হয়। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, শহরের নবাববাড়ী সড়কে শেখ সরিফউদ্দিন মার্কেট ও টিএমএসএস মহিলা মার্কেট রয়েছে। এই দুটি মার্কেটের মধ্যে ১৭ ফুট রাস্তা রয়েছে। রাস্তাটি করতোয়া নদী তীর পর্যন্ত গেছে। অপর পাশে চেলোপাড়া এলাকা অবস্থিত। করতোয়া নদীর উপর একটি সেতু নির্মাণের পরিকল্পনা থাকা অবস্থায় শেখ সরিফউদ্দিন সুপার মার্কেটের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন রানা অবৈধ স্থাপনা নির্মাণ করে সেতু নির্মাণে বাধা দিচ্ছে। বক্তারা অবিলম্বে করতোয়া নদীর তীরে এসব স্থাপনা উচ্ছেদ করে সেখানে সেতু নির্মাণের দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন চেলোপাড়া এলাকাবাসীর পক্ষে নিরঞ্জন সিংহ, ববিতা রানি বর্মণ, শ্যামল মোহন্ত প্রমুখ।
