কালিয়াকৈরে মেছো বাঘের থাবায় দুই শ্রমিক আহত

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২২:১৭

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় গতকাল সোমবার সকালে একটি মেছো বাঘের থাবায় যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইল কারখানার দুই শ্রমিক রক্তাক্ত জখম হয়েছে। মেছো বাঘটিকে ওই কারখানার শ্রমিকরা আটক করতে গেলে ওই ঘটনা ঘটে।

কারখানা কর্তৃপক্ষ ও কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, ওই দিন সকালে উপজেলার সিনাবহ এলাকায় যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইল কারখানায় হঠাত্ একটি মেছো বাঘ ঢুকে পড়ে। এ সময় কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে কারখানার শ্রমিকরা ওই  মেছো বাঘটিকে আটকের চেষ্টা করলে মেছো বাঘের থাবায় ওই দুই শ্রমিক রক্তাক্ত জখম হয়। আহতদের মুমূর্ষু অবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কারখানার শ্রমিকরা মেছো বাঘটিকে আটক করে চন্দ্রা ফরেস্ট অফিসে খবর  দেয়। খবর পেয়ে  বন বিভাগের লোকজন ঘটনাস্থল থেকে মেছো বাঘটি উদ্ধার করে নিয়ে যায়। আটককৃত  মেছো বাঘটিকে  গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে। চন্দ্রা বিট কর্মকর্তা মোঃ মনজুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।