সরিষাবাড়ীতে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২২:১৮

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা

সরিষাবাড়ীতে পাওনা টাকা নিয়ে স্কুলছাত্রকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার রাতে উপজেলার কান্দার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রৌশনারা নামে এক নারীকে আটক করেছে পুলিশ। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চকপাড়া গ্রামের আব্দুর রশীদের কলেজ পডুয়া ছেলে সাগরের কাছে পাশের চেচুয়াবাধা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ফাহিম তার বড় ভাইয়ের জন্য ৮ম শ্রেণি পাশ সার্টিফিকেটের জন্য ২ হাজার টাকা দেয়। সাগর সার্টিফিকেট না দেয়ায় ফাহিম তার বন্ধু পলাশকে সাথে নিয়ে রবিবার রাতে সাগরের বাড়িতে টাকা ফেরত চাইতে গেলে সাগর, তার বাবা, মা ও দাদী রৌশনারা তাদেরকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে বন্ধু ফাহিম পালাতে সক্ষম হলেও রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণি পড়ুয়া ছাত্র পলাশ পড়ে গেলে তাকে কুড়াল দিয়ে কোপানো হয়। স্থানীয়রা চিত্কার শুনে পলাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে সোমবার ভোর রাতে পলাশ মারা যায়।

নিহত স্কুলছাত্রের বাবা সাইফুল ইসলাম বলেন, আমার ছেলেকে সাগর তার বাবা, মা আর দাদি কুপিয়ে হত্যা করেছে। আমি বিচার চাই।