তাড়াশে বাদলা রোগে ২৫টি গরুর মৃত্যু

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২২:১৮

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

তাড়াশে বাদলা রোগে আক্রান্ত হয়ে এক গ্রামের ২৫টি গরু মারা গেছে। গ্রামজুড়ে অসুস্থ হয়ে পড়েছে আরও বেশ কয়েকটি গরু। উপজেলার মাধাইনগর ইউনিয়নের উত্তর মথুরাপুর গ্রামের এ ঘটনা।

ওই গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল লতিফ, নজরুল ইসলাম, আরশেদ আলী, শফিকুল ইসলাম ও  ফারুক হোসেন বলেন, গত সপ্তাহের শুরুর দিকে হঠাত্ করেই গ্রামে বাদলা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। কিছু বুঝে ওঠার আগেই পা ও শরীরের বিভিন্ন অংশ ফুলে গরুগুলো মারা যায়। এর মধ্যে বেশির ভাগই বাছুর গরু। এখনও গ্রামের বেশকিছু গরু অসুস্থ রয়েছে। এদিকে গ্রামের কৃষকেরা সুস্থ গরু নিয়েও চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।  রোগ থেকে বাঁচাতে কেউ কেউ তাদের গরু নিয়ে দূরে আত্মীয়র বাড়িতে যাচ্ছেন।

এ প্রসঙ্গে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  মো. আবু হানিফ বলেন, এটি একটি সংক্রামক রোগ। বাংলাদেশে গরুতে এ  রোগের ব্যাপকতা অত্যধিক। প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে কৃষকের গবাদিপশুকে  প্রতিষেধক দেওয়া হচ্ছে।