দেশের প্রথম পিএফও ডিভাইস ক্লোজার সম্পন্ন করল এভারকেয়ার হসপিটাল

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ০০:২০

দেশের সর্বপ্রথম সফল পিএফও (পেটেন্ট ফোরামেন ওভেল) ডিভাইস ক্লোজার সম্পন্ন করেছে রাজধানীর অন্যতম বেসরকারি চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান এভারকেয়ার হসপিটাল । 

ক্রিপটোজেনিক স্ট্রোক (ইসকেমিক সিভিডি)-এর ২৭ বছর বয়সী একজন তরুণীর ওপর একজন বাংলাদেশি কনসালটেন্ট এবং তার প্রতিশ্রুতিবদ্ধ টিম অত্যন্ত দক্ষতাপূর্ণ এই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেন। 

ব্রেইন টিস্যুতে যখন রক্ত সরবরাহ ব্যাহত হয় তখনই ব্রেইনে স্ট্রোক প্রক্রিয়া শুরু হয়ে যায়।  আর এর কারণ যখন অজানা থাকে, তখন তাকে ক্রিপটোজেনিক বলা হয়।  বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী, এই ধরনের ক্রিপটোজেনিক স্ট্রোকের সবচেয়ে সম্ভাব্য কারণ হচ্ছে, পেটেন্ট ফোরামেন ওভেল এবং এর মাধ্যমে সংঘটিত প্যারাডক্সিক্যাল এম্বোলিজম বা জমাট বাঁধা রক্তের উল্টোপথে সঞ্চালন।

এভারকেয়ার হাসপাতালের ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কোর্ডিনেটর প্রফেসর ডা. এ কিউ এম রেজা, ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র রেজিস্টার ডা. অপরাজিতা করিম, ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের ডা. মাহমুদ হাসান খান ও ক্যাথ-ল্যাব টিমের সাহায্যে দেশে প্রথমবারের মতো এই পিএফও সম্পন্ন হয়।

এই ধরনের স্ট্রোক বা রোগে যে রোগীরা ভুগছেন, এই বিশেষজ্ঞবৃন্দ তাদের জন্য সবসময় প্রস্তুত আছেন, কাজ করে যাচ্ছেন। তাদের অভিজ্ঞ হাতই আত্মবিশ্বাসের সাথে আগামী দিনের সাফল্যের ভিত্তি স্থাপন করেছে।  এভারকেয়ার হসপিটাল ঢাকা বিশ্বাস করে, একসাথে কাজ করে গেলে ভবিষ্যতে তারা আরও অনেক বিপদাপন্ন রোগীকে সাহায্য করতে পারবে; যাদের ভবিষ্যতে এই ধরনের চিকিৎসা পদ্ধতির প্রয়োজন হতে পারে। 

ইত্তেফাক/এমআর