মো. আসাদ-উজ্জামান জুয়েল, শিক্ষক
সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কোষদেহ:নিউরনের কোষদেহ গোলাকার, ডিম্বাকার বা তারকাকার হতে পারে। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস নিয়ে গঠিত। এই কোষে কোনো সেন্ট্রিওল থাকে না তাই স্নায়ুকোষ বিভাজিত হয় না।
প্রলম্বিত অংশ:কোষদেহ থেকে উত্পন্ন শাখা-প্রশাখা গুলোকে প্রলম্বিত অংশ বলে। এটি আবার দুটি অংশ নিয়ে গঠিত। যথা-
১। ডেনড্রাইট ২। অ্যাক্সন
ডেনড্রাইট: কোষদেহের চারিদিক থেকে উত্পন্ন একাধিক ছোট ছোট শাখাকে ডেনড্রন বলে। ডেনড্রন থেকে সৃষ্ট শাখাগুলোকে ডেনড্রাইট বলে। ডেনড্রাইট স্নায়ু তাড়না কোষদেহে প্রেরণ করে।
অ্যাক্সন:কোষদেহ থেকে উত্পন্ন লম্বা সুতার মতো অংশকে অ্যাক্সন বলে। একটি নিউরনে একটি মাত্র অ্যাক্সন থাকে। এরা কোষদেহ থেকে স্নায়ু তাড়না অন্য নিউরনে প্রেরণ করে।
সিন্যাপস:পরপর অবস্থিত দুটি নিউরনের সন্ধিস্থল হলো সিন্যাপস। একটি নিউরনের অ্যাক্সনের সাথে দ্বিতীয় নিউরনের ডেনড্রাইট যুক্ত থাকে। এর মাধ্যমে স্নায়ু তাড়না প্রবাহিত হয়ে এক নিউরন থেকে অন্য নিউরনে যায়।
