আলো ছড়াক সড়কে, আকাশে নয়

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১০:১২

বগুড়া শহরে রাজশাহীর আদলে দৃষ্টিনন্দন সড়কবাতি স্থাপনের পরিকল্পনা নেওয়া হতে পারে—সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে। ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত বগুড়া পৌরসভা চলতি বছরের মে মাসে সিটি করপোরেশনে উন্নীত হয়েছে। নতুন এই নগর প্রশাসনের জন্য শহরের আলোকসজ্জা কেমন হবে, তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে এ ক্ষেত্রে রাজশাহীকে মডেল হিসেবে অনুসরণ করার আগে পরিবেশগত প্রভাব, বিদ্যুৎ ব্যয় এবং পরিকল্পনার কার্যকারিতা নিয়ে কয়েকটি প্রশ্নের উত্তর খোঁজা জরুরি।

রাজশাহীর সড়কবাতি: কী ধরনের আলোকসজ্জা?
রাজশাহী মহানগরীর সড়কবাতি এখন শহরটির পরিচয়ের একটি অংশ হয়ে উঠেছে। সড়ক বিভাজকে ডানা মেলা ‘প্রজাপতি’ আকৃতির বাতি স্থাপনের খবর প্রকাশের সময় জানানো হয়েছিল, কাশিয়াডাঙ্গা থেকে বিলশিমলা রেলক্রসিং পর্যন্ত ৪ দশমিক ২ কিলোমিটার সড়কে ১৭৪টি পোল স্থাপন করা হচ্ছে, যেগুলো প্রথমবারের মতো চীন থেকে আমদানি করা হয়েছে।

অন্য একটি সংবাদে জানা যায়, কল্পনা সিনেমা হল থেকে তালাইমারী পর্যন্ত সড়কের আইল্যান্ডে ১৩০টি পোল স্থাপন করা হয়েছে। প্রতিটি পোলের মাথায় রয়েছে ১৩টি করে বাতি। এই অংশে সড়কবাতি স্থাপনে ব্যয় ধরা হয়েছিল ৩ কোটি ৫৬ লাখ টাকা। এ ছাড়া সড়কসংলগ্ন বাঁধে স্থাপন করা হয়েছে ১৮০টি গার্ডেন লাইটের পোল, যার প্রতিটিতে রয়েছে পাঁচটি করে বাতি।

সমস্যা কোথায়: আলো ছড়াচ্ছে আকাশের দিকেও
আলোদূষণ নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ডার্কস্কাই ইন্টারন্যাশনাল এবং যুক্তরাষ্ট্রের ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের সুপারিশে একটি বিষয় গুরুত্ব পেয়েছে—সড়কবাতি হওয়া উচিত পূর্ণ আচ্ছাদিত বা ফুল-শিল্ডেড। অর্থাৎ, আলো ছড়াবে কেবল নিচের দিকে, যেখানে এর প্রয়োজন রয়েছে। কিন্তু ওপরের অংশ খোলা থাকা গ্লোব আকৃতির বাতি আলো চারদিকে ছড়িয়ে দেয়। এতে আকাশের দিকে ছড়িয়ে পড়া আলো থেকে তৈরি হয় স্কাইগ্লো বা কৃত্রিম আকাশের উজ্জ্বলতা। একই সঙ্গে বাড়ে চোখে আলোর ঝলকানি বা গ্লেয়ার।

আলোদূষণের প্রভাব শুধু রাতের আকাশের সৌন্দর্য নষ্ট হওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর প্রভাব পড়ে জীববৈচিত্র্যের ওপরও। যুক্তরাষ্ট্রের ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের তথ্য অনুযায়ী, রাতের বেলা পরিযায়ী পাখিরা কৃত্রিম উজ্জ্বল আলোর প্রতি আকৃষ্ট হতে পারে; এমনকি প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকেও আলো তাদের আকৃষ্ট করতে পারে। এ কারণে সংস্থাটি আকাশমুখী আলো পরিহার, পূর্ণ আচ্ছাদিত বাতি ব্যবহার এবং নীলচে-সাদা ঠান্ডা আলোর পরিবর্তে ২৭০০ কেলভিন বা তার কম তাপমাত্রার উষ্ণ আলো ব্যবহারের পরামর্শ দিয়েছে।

সায়েন্টিফিক আমেরিকানের একটি প্রতিবেদন অনুযায়ী, পরিযায়ী পাখিদের রাতের উড্ডয়নের সবচেয়ে ব্যস্ত সময় সূর্যাস্তের দুই থেকে চার ঘণ্টা পর। ফলে এ সময় কৃত্রিম আলোর প্রভাব তাদের জন্য বিশেষ ঝুঁকি তৈরি করতে পারে।

বাংলাদেশে শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির আগমন ঘটে। এ সময় শহরের আকাশে অপ্রয়োজনীয় কৃত্রিম আলো ছড়িয়ে পড়লে পাখিদের স্বাভাবিক চলাচল ও পরিযানের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে। তাই বগুড়ায় সড়কবাতি স্থাপনের পরিকল্পনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এ ক্ষেত্রে পরিবেশবিদ ও পাখি গবেষকদের মতামত নেওয়াও জরুরি।

একটি পোলে ১৩টি বাতি, ঘন সারিতে পোল: কতটা প্রয়োজনীয়?
রাজশাহীর আলোচিত সড়কবাতির নকশায় একটি পোলেই ১৩টি করে বাতি ব্যবহারের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে। পাশাপাশি স্বল্প দূরত্বে বিপুলসংখ্যক পোল স্থাপনের প্রয়োজনীয়তাও পর্যালোচনা করা দরকার।

সড়কের প্রয়োজন অনুযায়ী আলোর মাত্রা নির্ধারণ এবং সঠিক নকশা প্রণয়ন করা গেলে তুলনামূলক কমসংখ্যক বাতি দিয়েও প্রয়োজনীয় আলোকসজ্জা নিশ্চিত করা সম্ভব। ডার্কস্কাই ইন্টারন্যাশনালের মতে, পূর্ণ আচ্ছাদিত বাতি ব্যবহার করেও অনাচ্ছাদিত বাতির সমপরিমাণ আলো সড়কে পৌঁছানো সম্ভব। এতে অপ্রয়োজনীয় আলো ছড়িয়ে পড়া কমে এবং বিদ্যুৎ সাশ্রয় হয়।

অতএব, শুধু দৃষ্টিনন্দন নকশার দিকে গুরুত্ব না দিয়ে সড়কের প্রকৃত প্রয়োজন, আলোর কার্যকারিতা এবং বিদ্যুৎ ব্যবহারের দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া উচিত।

বগুড়ার জন্য কী করা উচিত?
রাজশাহীর সড়কবাতি নান্দনিকভাবে দৃষ্টিনন্দন, তা অস্বীকার করার উপায় নেই। তবে প্রশ্ন হলো, নগরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করা সম্ভব কি না। বগুড়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনায় নেওয়া যেতে পারে—

সোলার প্যানেলযুক্ত সড়কবাতি স্থাপন: সড়কবাতির পোলের সঙ্গে সৌর প্যানেল ও ব্যাটারি সংযুক্ত করে দিনের বেলা সৌরবিদ্যুৎ সঞ্চয় এবং রাতে তা ব্যবহারের ব্যবস্থা করা যেতে পারে। এতে জাতীয় গ্রিডের ওপর চাপ ও সিটি করপোরেশনের বিদ্যুৎ ব্যয় কমানো সম্ভব হতে পারে।

পূর্ণ আচ্ছাদিত ও নিম্নমুখী আলো: সড়কবাতির মূল আলো হতে হবে নিচের দিকে নির্দেশিত এবং পূর্ণ আচ্ছাদিত। আলংকারিক আলো ব্যবহার করা হলেও তা যেন আকাশমুখী না হয়, সেদিকে নজর রাখতে হবে।

বৈজ্ঞানিকভাবে পোলের দূরত্ব নির্ধারণ: সড়কের ধরন, প্রস্থ ও প্রয়োজনীয় আলোকমাত্রা বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞ প্রকৌশলীর নকশা অনুযায়ী পোলের দূরত্ব ও বাতির সংখ্যা নির্ধারণ করতে হবে।

উষ্ণ আলোর ব্যবহার: ২৭০০ কেলভিন বা তার কম রঙের তাপমাত্রার এলইডি বাতি ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি ডিমার ও টাইমার যুক্ত করে গভীর রাতে আলোর তীব্রতা কমানোর ব্যবস্থা রাখা প্রয়োজন।

বার্ষিক ব্যয়ের হিসাব প্রকাশ: প্রকল্প শুরুর আগেই স্থাপন ব্যয়ের পাশাপাশি সম্ভাব্য বার্ষিক বিদ্যুৎ বিল, রক্ষণাবেক্ষণ ব্যয় এবং সিটি করপোরেশনের আর্থিক সক্ষমতা পর্যালোচনা ও প্রকাশ করা উচিত।

স্বচ্ছ ক্রয়প্রক্রিয়া ও বিশেষজ্ঞের মতামত: উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন এবং পরিবেশবিদ, পাখি গবেষক ও আলোকসজ্জা বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করা প্রয়োজন।

বিশেষ করে সৌরবিদ্যুৎচালিত সড়কবাতি বগুড়ার জন্য একটি সম্ভাবনাময় বিকল্প হতে পারে। রাজশাহীর বকেয়া বিদ্যুৎ বিলের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বগুড়ার উচিত সড়কবাতির দীর্ঘমেয়াদি ব্যয় সম্পর্কে শুরুতেই সতর্ক হওয়া। সৌরবিদ্যুতের ব্যবহার জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা কমাতে, জ্বালানি সাশ্রয় করতে এবং দীর্ঘ মেয়াদে নগর প্রশাসনের পরিচালন ব্যয় নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে।

তবে সৌরবিদ্যুৎচালিত বাতি স্থাপনের ক্ষেত্রেও ব্যাটারির আয়ুষ্কাল, প্যানেল পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ প্রতিস্থাপন এবং চুরির ঝুঁকির বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। এ জন্য প্রকল্প বাস্তবায়নের আগে একটি পূর্ণাঙ্গ সম্ভাব্যতা সমীক্ষা প্রয়োজন। প্রয়োজনে প্রথমে শহরের কয়েকটি সড়কে পরীক্ষামূলকভাবে এ ধরনের বাতি স্থাপন করে ফলাফল মূল্যায়ন করা যেতে পারে। সফল হলে পর্যায়ক্রমে পুরো শহরে তা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া সম্ভব।

নগরের সৌন্দর্য বৃদ্ধি অবশ্যই প্রয়োজন। তবে সেই সৌন্দর্য যেন পরিবেশের ক্ষতি, অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয় কিংবা নগর প্রশাসনের ওপর বাড়তি আর্থিক বোঝা তৈরি না করে। বগুড়ার নতুন নগর পরিকল্পনায় তাই দৃষ্টিনন্দন আলোকসজ্জার চেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত পরিবেশবান্ধব, জ্বালানিসাশ্রয়ী ও দীর্ঘমেয়াদি টেকসই ব্যবস্থাপনা।

ইত্তেফাক/এএইচপি