এই সময়ের ছড়া

ঈর্ষা

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ১৮:২৬

 

পরের মেধা পরের গুণে ঈর্ষা করে যারা,

বুঝি না হায় কেমন ধারার মানুষ রে ভাই তারা।

পরের মেধায় ঈর্ষা করে কেউবা ছেঁড়ে চুল,

কেউবা করে দলাদলি, শানায় বিষের হুল।

কেউবা আবার পা বাড়িয়ে মারতে যে চায় ল্যাং,

পরের ক্ষতি করতে গিয়ে ভাঙে নিজের ঠ্যাং।

কা কা করে কাক কখনো হয় না কোকিল পাখি,

তাই বলে কি কোকিল ধরে মেরে ফেলবে নাকি?

চাইলে মারা যেতেই পারে, লাভ কী হবে তাতে?

পারবে কি কাক শোনাতে গান বসন্তের ওই রাতে?

ঈর্ষা বড় কঠিন ব্যামো, ঈর্ষা সর্বনাশা,

ঈর্ষা পোড়ায় সকল ভালো, সকল শুভ আশা।

চল সবে ঈর্ষা ছাড়ি, মন শুধিয়ে নেই,

সেরা যে জন, তাকে সেরার স্বীকৃতিটা দেই।

হই নিজেরা সম্মানিত উদারতার গুণে,

খায় না যেন আত্মাটা আর ঈর্ষা নামের ঘুণে।

যাই চালিয়ে যোগ সাধনা সেরার মতো হতে,

করি তাকে অনুসরণ শুদ্ধ সরল পথে।