স্পোর্টস ডেস্ক
আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে শারীরিক অবস্থার অবনতির কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার ব্যক্তিগত চিকিত্সক লিওপালদো লুক জানিয়েছেন, পরিস্থিতি প্রায় স্বাভাবিকই আছে তার, চাইলেই ছাড়তে পারবেন হাসপাতাল।
গত সোমবার রাতে লা প্লাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। কারণ হিসেবে বলা হয়, ‘পানিশূন্য হওয়া ঠেকাতে ও রক্ত পরীক্ষার’ কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ব্যক্তিগত চিকিত্সক লুক ইএসপিএনকে বলেন, ‘তাকে পর্যবেক্ষণে রাখতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন দিনের জন্য হাসপাতালে আনা হয়েছে। তিনি মানসিকভাবেও বেশ অসুস্থ যা তার শারীরিক অবস্থাকেও প্রভাবিত করতে পারে।’
গেল ৩০ অক্টোবর পাত্রোনাতোর বিপক্ষে নিজ দল হিমন্যাসিয়ার ৩-০ জয় দিয়ে তিনি ৬০তম জন্মদিন পালন করেছেন। সেদিনই অবশ্য শারীরিক পরিস্থিতির অবনতির কারণে ম্যাচের শুরুতেই মাঠ ছাড়তে হয় তাকে। এর আগে গত আগস্টে করোনাপরবর্তী সময়ে হিমন্যাসিয়ার অনুশীলনের শুরুর দিকেও তাকে মাঠে আসতে ডাক্তাররা অনুমতি দেননি, শারীরিক অবস্থার কারণে করোনার উচ্চ ঝুঁকিতে অবস্থান ম্যারাডোনার।
মূলত ১৯৯৭ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর থেকেই শারীরিক সমস্যায় ভুগছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ২০০৪ সালে হূদ্যন্ত্র ও তীব্র শ্বাসকষ্টের কারণে চিকিত্সকের শরণাপন্ন হতে হয় তাকে। এরপর তার বাড়তি ওজনে লাগাম টানতে দুটো গ্যাস্ট্রিক বাইপাস অস্ত্রোপচার করা হয়, অ্যালকোহল বিষয়ক সমস্যাতেও ভুগছিলেন তিনি। গেল বছর পেটে অভ্যন্তরীণ রক্তপাতের কারণে আরো একবার হাসপাতালে ভর্তি হতে হয় সাবেক ন্যাপোলি তারকাকে।
