পাত্রী দেখার ভাইভা নেওয়া বন্ধ করুন

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ২১:৩১

সেদিন আমার এক চাচাতো বোনকে দেখতে এলো পাত্রপক্ষ। সে ঘোমটা সরাতে না সরাতেই শুরু হলো প্রশ্নোত্তর পর্ব! সাধারণ জ্ঞান থেকে শুরু করে ইসলামিক খুঁটিনাটি কোনো বিষয়ই বাদ নেই। সবার সামনে কিছু প্রশ্নের উত্তর দিতে না পারায় খুব বিব্রতকর অবস্থায় পড়েছিল মেয়েটা। এক পর্যায়ে ভয়ে কান্না করে দিল। তারপরে একটু শান্ত হলেই আবার শুরু হলো লাগাতার প্রশ্ন। এ যেন বিসিএসের ভাইভা বোর্ড! এমন ঘটনা আমাদের সমাজে নতুন নয়। বিশেষ করে গ্রামে বেশি দৃশ্যমান। একটা মেয়েকে যখন পাত্রপক্ষ দেখতে আসে, সে এমনিতেই দারুণ লজ্জা ও ভয়ে থাকে। পাত্রী সম্পর্কে যদি একান্তই বিস্তারিত জানতে ইচ্ছে করে, আলাদা করে কথা বলা বা অন্যের মাধ্যমে খোঁজখবর নেওয়াটা বাঞ্ছনীয়। এতে পাত্রী ও তার পরিবারকে অন্যের সামনে লজ্জায় পড়তে হয় না। যারা আজ অন্যের বোনের সঙ্গে এমনটা করছেন, আগামীদিনে আপনার কোনো আপনজনের সঙ্গেও এমনটা হতে পারে। তাছাড়া পাত্র-পাত্রীর চারিত্রিক বৈশিষ্ট্যের চেয়ে জমিজমা-অর্থকড়ি ও দালানকোঠার হিসাব কষতেই অনেকে ব্যস্ত থাকেন। এ প্রথা থেকে বেরিয়ে আসা উচিত। সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন ও সোচ্চার হতে হবে, নতুবা এ সংস্কৃতির মূল উত্পাটন সম্ভব নয়।

মো. আশিকুর রহমান

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া