গ্রামের মেহনতি মানুষ মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলান আমাদের আহারের জন্য। তাঁরা সামান্য টাকায় তাঁদের কষ্টার্জিত ফসল আমাদের জন্য বিক্রি করে দেন। ন্যায্যমূল্য ধার্য করা থাকলেও তাঁরা তা পান না। এর সমস্ত সুবিধা লুটে নেয় মানুষ নামের কলঙ্ক অসাধু মুনাফাখোর ব্যবসায়ীরা। এমনকি ফসলের বীজও বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে আটকে রেখে কৃষকের কাছে চড়া দামে বিক্রি করে; এতে করে কৃষকের আবাদযোগ্য জমি থাকলেও তাঁরা চাষ করতে আগ্রহী হন না। অন্যদিকে আগের তুলনায় আবাদি জমি কমেছে প্রায় ২০-৩০ শতাংশ। এর ফলে ঋণের বোঝা বহন করতে হয় দরিদ্র কৃষকদের। সাধারণত চাল, পেঁয়াজ, আলু ও অন্যান্য খাদ্যদ্রব্য অসাধু মহল মজুদ বা আটকে রেখে অধিক মুনাফার লোভে কৃত্রিম সংকট সৃষ্টি করে। এসব ব্যবসায়ী এরূপ না করলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হতো। দেশের কৃষকদের কথা চিন্তা করে অসাধু ব্যবসায়ী মহলের ওপর উপর মহলের কড়া দৃষ্টি রাখা ও তাদের দমন করার জন্য সবিনয় আবেদন জানাই।
রাকীবুল ইসলাম
শিক্ষার্থী, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ
