পানগুছি নদীর ওপর সেতু চাই

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ২১:৩২

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা দিয়ে বয়ে চলেছে পানগুছি নদী। বাগেরহাট-শরণখোলা সড়কের মধ্যবর্তী মোরেলগঞ্জ উপজেলা সদরের পাশ দিয়ে বয়ে যাওয়া এ নদী পার হয়ে দুই উপজেলার মানুষ জেলা সদরসহ ঢাকা, খুলনা ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে। যানবাহন পারাপারে ফেরির ব্যবস্থা থাকলেও ইঞ্জিনচালিত ট্রলারও করে চলাচল। এতে পার হতে গিয়ে প্রায়শই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হতে হয় এলাকাবাসীকে। বিশ্বঐতিহ্য সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকার প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত কটকা, কচিখালী, দুবলারচরসহ বিভিন্ন পর্যটন স্থানে যেতে এ সড়ক ব্যবহার করে থাকেন দেশি-বিদেশি পর্যটকরা। কিন্তু পানগুছি নদীতে সেতু না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলাবাসী। জনদুর্ভোগ লাঘবে এখানে সেতু নির্মাণ করা জরুরি। জানা যায়, গত বছর মার্চ মাসে পানগুছি নদীতে সেতু নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন কুয়েতের রাষ্ট্রীয় সংস্থা কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্টের (কেইএইডি) চার সদস্যের একটি প্রতিনিধিদল। সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশের পর এসংক্রান্ত ফাইল এখন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে দাতা সংস্থার ফান্ডের অপেক্ষায় রয়েছে। এদিকে ট্রলারে যাতায়াত করতে বাধ্য হওয়ায় অনেকেই এখন শঙ্কিত। এলাকাবাসীর প্রাণের দাবি পানগুচি নদীতে সেতু নির্মাণ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ এই যে, জনদুর্ভোগ লাঘবে অচিরেই পানগুছি নদীতে সেতু নির্মাণ করা হোক।

নিগার সুলতানা সুপ্তি

মোরেলগঞ্জ, বাগেরহাট