ট্রাম্পের বিজয় চায়৬০ ভাগ ইসরাইলি

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ০০:৪৬

ইসরাইলের ৬০ শতাংশেরও বেশি নাগরিক মনে করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় ইহুদি এ রাষ্ট্রের জন্য ভালো হবে। এক মতামত জরিপ থেকে এমন আভাস পাওয়া যায়। খবর এএফপির।

জেরুজালেমভিত্তিক থিঙ্ক-ট্যাঙ্ক ইসরাইল ডেমোক্রেসি ইনস্টিটিউট (আইডিআই) অনুমোদিত এবং মার্কিন ভোটের প্রাক্কালে প্রকাশিত এ জরিপ অনুযায়ী, ৭০ শতাংশ ইহুদিসহ ৬৩ শতাংশ ইসরাইলি নাগরিক ইহুদি এ রাষ্ট্রের স্বার্থে ট্রাম্পের বিজয় দেখতে চান।

এদিকে এ জরিপে অংশ নেওয়া মাত্র ১৭ শতাংশ ইসরাইলি নাগরিক জানান, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী জো বাইডেন ইসরাইলের জন্য ভালো হবে এবং ২০ শতাংশ ইসরাইলি মতামত দেন তারা কিছু জানেন না।

আইডিআই জানায়, আরেক মেয়াদে ক্ষমতায় থাকার ব্যাপারে ট্রাম্পের প্রতি ইহুদি জনগণের পক্ষপাতমূলক মনোভাব জরিপে উঠে এসেছে, বাইডেন নির্বাচিত হলে যা যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ককে দুর্বল এবং ওয়াশিংটন ও ফিলিস্তিনের মধ্যে সম্পর্ক জোরদার করবে।