তিতাসের আট ইউনিয়নে গ্রাম পুলিশের ২৭ পদ শূন্য

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ২২:২৩

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার তিতাসের আটটি ইউনিয়নে গ্রাম পুলিশ বা মহল্লাদারের ২৭টি পদ শূন্য রয়েছে। এতগুলো পদ শূন্য থাকায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, অপরাধমূলক তথ্য সংগ্রহসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজের ব্যাঘাত ঘটছে। উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, উপজেলার মজিদপুর ইউনিয়নে ছয়টি, সাতানী ইউনিয়নে পাঁচটি, জগতপুর, ভিটিকান্দি, নারান্দিয়া ও জিয়ারকান্দি ইউনিয়নে তিনটি করে, বলরামপুর ও কড়িকান্দি ইউনিয়নে দুইটি করে পদ শূন্য রয়েছে।

মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক মিয়া সরকার জানান, ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মধ্যে ছয়টি পদ শূন্য রয়েছে। ওয়ার্ডগুলোতে গ্রাম পুলিশ বা মহল্লাদার না থাকায় আইনশৃঙ্খলা বাহিনী সঠিক তথ্য পাচ্ছে না। সংশ্লিষ্ট এলাকার অপরাধীদের চিহ্নিত করতে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। বিশেষ করে গ্রাম পুলিশ বা মহল্লাদাররা ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজে সহযোগিতা করে থাকেন।

উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, গ্রাম পুলিশের ২৭ পদ শূন্যের বিষয়টি নিয়ে উপজেলা পরিষদের গত মাসিক সমন্বয় সভায় বিশদ আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে ইউএনও কাজ করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. রাশেদা আক্তার জানান, ইতিমধ্যে শূন্য পদে লোক নিয়োগের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। খুব শিগিগর পদগুলোতে চাকরির শর্তাবলী ও বিধিমালা অনুযায়ী লোক নিয়োগ করা হবে।