খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মনির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এ রায় ঘোষণা করেন।
আদালতের তথ্যে জানা গেছে, ২০১৯ সালের ১৭ জুলাই খাগড়াছড়ি সদরের কলেজ গেট এলাকার ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে রোজিনা আক্তারকে শ্বাসরোধে হত্যা করে স্বামী মনির হোসেন। এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রাশেদ বাদী হয়ে মামলা করেন।
খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো বলেন, আট জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ঐ দণ্ড দিয়েছে।
