চার নেতা হত্যায় ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করা হবে :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ২২:২৫

ইত্তেফাক রিপোর্ট

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘জাতীয় চার নেতা হত্যার পেছনে অনেক মোটিভ ছিল। শুধু বিপথগামী সেনা সদস্য নয়, এর পেছনে আরো বড় একটি ষড়যন্ত্র ছিল। যারা এর সঙ্গে জড়িত ছিল, তাদের মুখোশ উন্মোচন করা হবে।’ গতকাল মঙ্গলবার সকালে পুরাতন কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি জাদুঘরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতীয় চার নেতা হত্যায় যারা জড়িত তাদের দেশে ফেরত আনার ব্যাপারে সরকার সর্বোচ্চ আন্তরিক। এ ঘটনার সঙ্গে শুধু সশস্ত্র বাহিনী নয়, আরো যারা যারা জড়িত আছে, তাদেরও আইনের আওতায় আনতে সরকার কাজ করছে।’ এ সময় জাতীয় চার নেতার অন্যতম শহিদ এ এইচ এম কামারুজ্জামানের ছেলে এ এইচ এম এহছানুজ্জামান বলেন, ‘আমরা খুবই আশাবাদী এ ঘটনায় যাদের বিচার হয়েছে, তাদের সরকার ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করবে।’

জাতীয় চার নেতার অন্যতম শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে রেজাউল করিম বলেন, ‘কারাবিধি লঙ্ঘন করে সশস্ত্র অবস্থায় কারাগারে প্রবেশ করে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। তখন কারা কর্তৃপক্ষের কী ধরনের ভূমিকা ছিল, সেটিও তদন্ত করে দেখা উচিত। আমি জাতীয় চার নেতা হত্যার ঘটনা তদন্তে আলাদা কমিশন গঠনের দাবি জানাচ্ছি।’ এ সময় অন্যান্যের মধ্যে জাতীয় নেতা শহিদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে কিশোরগঞ্জ-২ আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা-৭ আসনের এমপি হাজি সেলিম, কারা অধিদপ্তরের মহাপরিদর্শক, অতিরিক্ত মহাপরিদর্শক প্রমুখ উপস্থিত ছিলেন।