পরীক্ষা বন্ধের দাবিতে বেসরকারি মেডিক্যাল শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ২২:২৭

ইত্তেফাক রিপোর্ট

মেডিক্যাল কলেজের সব পরীক্ষা বন্ধ রাখাসহ বিভিন্ন দাবিতে মহাখালীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত মহাখালীর আমতলীর সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় মহাখালী থেকে বনানী-বিমানবন্দরের সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুরে পুলিশ ও কয়েকটি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের মৌখিক আশ্বাসে এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) কাছে স্মারকলিপি দেওয়ার পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। করোনাকালীন যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলো পুনরায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে এসব পরীক্ষা না নেওয়ার দাবিতে এবং বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবিতে এ বিক্ষোভ করে শিক্ষার্থীরা।