সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উদীচীর সমাবেশ ও মশাল মিছিল

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ২২:২৯

ইত্তেফাক রিপোর্ট

বর্বরতা ও মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ ও মশাল মিছিল করে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার আহ্বান জানিয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী। লালমনিরহাটে পিটিয়ে ও পুড়িয়ে মানুষ হত্যা এবং কুমিল্লার মুরাদনগরে বাড়িঘরে হামলার বিচার চেয়ে এই প্রতিবাদী সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। গতকাল বিকালে শাহবাগের প্রজন্ম চত্বরে আয়োজিত অনুষ্ঠান শেষে শহিদ মিনার অভিমুখে বের করা হয় মশাল মিছিল।

এছাড়াও গানের সুরে, কবিতার ছন্দে জানানো হয় প্রতিবাদ। উচ্চারিত হয় মৌলবাদের তাণ্ডব থেকে অসাম্প্রদায়িক স্বদেশ গড়ার অঙ্গীকার। পরিবেশনায় অংশ নেয় উদীচী শিল্পীগোষ্ঠী, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের শিল্পীরা। গান পরিবেশন করেন, হাবিবুল আলম, সাজেদা বেগম, শিল্পী আখতার ও রুমি। বীরজা শিরোনামের স্বরচিত কবিতা আবৃত্তি করেন রুমা সরকার। গাহি সাম্যের গান/মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান ...। কাজী নজরুল ইসলামের মানুষ কবিতার এই পঙিক্তমালা উচ্চারিত হয় আবদুল করিম সরদারের কণ্ঠে। ভাস্কর চৌধুরী রচিত ‘আমার বন্ধু নিরঞ্জন’ শিরোনামের কবিতা আবৃত্তি করেন মিজানুর রহমান সুমন। সাংস্কৃতিক পরিবেশনা পর্বে সব শেষে পরিবেশিত হয় উদীচীর পথনাটক ‘সময়ের আর্তনাদ’। রচনার পাশাপাশি নাটকটির নির্দেশনায় ছিলেন নাজমুল হক।