ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে গেল অ্যাম্বুলেন্স, স্বামী-স্ত্রীসহ নিহত ৫

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ২২:৩৪

সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়ায় স্বামী-স্ত্রীসহ পাঁচ জন, বগুড়ায় আওয়ামী লীগ নেতা, নাটোরে মোটরসাইকেলচালক ও পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি জানান, গতকাল কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ পাঁচ জন নিহত ও এক জন গুরুতর আহত হন। নিহতরা হলেন অ্যাম্বুলেন্সচালক টিপু, মফিজ উদ্দীন, তার স্ত্রী আরবী বেগম, ইনসান ও ইফাত।  জানা যায়, মঙ্গলবার দুপুরে ইবি থানাধীন লক্ষ্মীপুর নামক স্থানে মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই রোগীসহ পাঁচ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এদের মধ্যে টিপু, মফিজ উদ্দীন ও তার স্ত্রী আরবী বেগম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের বাসিন্দা এবং ইনসান ও ইফাত যশোর সদর উপজেলার বাসিন্দা। পাবনা মেন্টাল হসপিটালে চিকিত্সা শেষে আত্মীয়স্বজনসহ তারা বাড়িতে ফিরছিলেন।

স্টাফ রিপোর্টার, বগুড়া জানান, মোটরসাইকেল উলটে নিহত হয়েছেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুস সালাম শেখ (৫৫)। সোমবার রাতে বোনের বাড়ি যাওয়ার পথে উপজেলার চান্দিয়াড়-পেঁচিবাড়ী সড়কের জালশুকা গ্রামের সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। আবদুস সালাম উপজেলার বহালগাছা-বিশ্বহরিগাছা গ্রামের মোমতাজ আলী শেখের ছেলে।

নাটোর প্রতিনিধি জানান, সদর উপজেলার ডাকমারা গোরস্থান এলাকায় সড়ক দুর্ঘটনায় মুকুল আলী মণ্ডল (২৮) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে একডালা এলাকায় মাকে নিয়ে ফেরার পথে ডাকমারা গোরস্থান-চন্দ্রকলা আঞ্চলিক সড়কে ইটবোঝাই ট্রলি পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক মুকুল মারা যান। নিহত মুকুল রুয়েরভাগ গ্রামের ওমেদ আলীর ছেলে।

এদিকে ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা জানান, উপজেলার তেলিখালী ইউনিয়নের জুনিয়ায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় নাঈমা আক্তার (১০) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে জুনিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী এবং ঐ এলাকার গ্রাম্য হোটেল ব্যবসায়ী ইব্রাহীম হাওলাদারের মেয়ে। সকাল ৯টার দিকে ঐ কিশোরী বাবার দোকান থেকে রুটি নিয়ে বাড়িতে ফেরার পথে তেলিখালী পুলিশ তদন্তকেন্দ্রের কাছে মোটরসাইকেল আরোহী এক কিশোর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মোটরসাইকেলচালকসহ তিন জনকে আটক করেছে।