রামগতিতে বিধবাকে গণধর্ষণের মামলায় পাঁচ আসামির ডিএনএ পরীক্ষা

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ২২:৪২

লক্ষ্মীপুরের রামগতিতে এক বিধবা নারীকে গণধর্ষণের মামলায় গ্রেফতারকৃত পাঁচ আসামির ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে। আদালতের নির্দেশে ঢাকা সিআইডির সদর দপ্তরে তাদের ডিএনএ পরীক্ষা করানো হয়।

গতকাল মঙ্গলবার এ খবর নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা রামগতি থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিনুল হক জানান, আসামিদের ডিএনএ পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।

মামলার আসামিরা হলেন—প্রধান আসামি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের চরকলাকোপা এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুল করিম (২৭), একই এলাকার আবুল কালামের ছেলে মো. সোহেল (২৭), ছৈয়দ আহাম্মদের ছেলে মো. জামাল (২৭), মো. মিলনের ছেলে মো. আরিফ (৩০) ও ছৈয়দ আহাম্মদের ছেলে মো. আলাউদ্দিন (৪০)।

জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে ৩ অক্টোবর রাতে নিজ ঘরে গণধর্ষণের শিকার হন ঐ নারী। পরে ধর্ষকেরা ঐ নারীর হাত-পা ও চোখ-মুখ বেঁধে ঘরের পেছনে ফেলে যায়। পরদিন সকালে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ঐ নারী           বাদী হয়ে ৫ অক্টোবর রামগতি থানায় পাঁচ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।