পিটিয়ে ও পুড়িয়ে হত্যা

দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা স্থানান্তর ও ক্ষতিপূরণ দাবি

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ২২:৪৫

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীতে আবু ইউনুছ মো. সহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানিয়েছে রংপুরের বিভিন্ন সংগঠন। গতকাল মঙ্গলবার জুয়েল হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও সম্মিলিত গ্রন্থাগার পেশাজীবী পরিষদ। এ সময় তারা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানায়। সংগঠন দুটির পক্ষ থেকে পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে কমিউনিস্ট পার্টি। পরে কাচারী বাজার এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির জেলা সভাপতি আফজালুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন রহমান প্রমুখ। এছাড়া রংপুর টাউন হলের প্রজন্ম চত্বরে সম্মিলিত গ্রন্থাগারিক পেশাজীবী পরিষদের সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রন্থাগার সমিতির সভাপতি সৈয়দ আলী আকবর, মহাসচিব ড. মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ।

গাইবান্ধা প্রতিনিধি জানান, গুজব ছড়িয়ে জুয়েলকে হত্যার উসকানিদাতা ও হত্যাকারীদের বিচার দাবিতে ‘গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদ’ শহরের ডিবি রোডে ১ নম্বর ট্রাফিক মোড় এলাকায় সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক বর্ষিয়ান রাজনীতিক আমিনুল ইসলাম গোলাপ। একই দাবিতে সন্ধ্যায় গাইবান্ধা পৌর শহিদ মিনারে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ মহিলা পরিষদসহ প্রগতিশীল সংগঠনসমূহের যৌথ উদ্যোগে মোমবাতি প্রজ্বালন ও প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকালে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে জুয়েলকে নির্মমভাবে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় গতকাল পর্যন্ত মসজিদের খাদেমসহ ১৬ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।