তারেকের সাবেক এপিএস অপুকে জামিন দেয়নি হাইকোর্ট

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ০০:২৭

সোয়া ৮ কোটি টাকা অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস মিয়া নূরউদ্দিন আহমেদ অপুকে জামিন দেয়নি হাইকোর্ট। জামিন প্রশ্নে জারিকৃত রুল খারিজ করে এ রায় দিয়েছেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল দ্বৈত বেঞ্চ। আদালত বলেন, অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। মামলাটি তদন্তাধীন। এ অবস্থায় জামিন পেলে তদন্তে প্রভাব বিস্তারের সুযোগ থাকায় জামিন খারিজ করা হলো। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক এবং আসামি পক্ষে সৈয়দ মামুন মাহবুব শুনানি করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা ও সন্ত্রাসী কার্য পরিচালনার জন্য বিপুল পরিমাণ অর্থ জমা করে তা দেশের বিভিন্ন নির্বাচনি আসনে পৌঁছানোর চেষ্টাকালে ২০১৮ সালের ২৪ ডিসেম্বর ঢাকার সিটি সেন্টারে অভিযান চালায় র্যাব। ঐ অভিযানে উদ্ধার করা হয় চেকবই ও অপুর নির্বাচনি পোস্টার, ৮ কোটি টাকা ও ১০ কোটি টাকার বিভিন্ন ব্যাংকের চেক বই। উদ্ধারকৃত টাকা দিয়ে আসামিরা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার ষড়যন্ত্র করছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। ঐ বছরের ২৬ ডিসেম্বর মতিঝিল থানায় মানি লন্ডারিং ও সন্ত্রাসবিরোধী আইনে অপুসহ ছয় জনের বিরুদ্ধে করা মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। এই মামলায় কারাগারে রয়েছেন অপু।