জাপা কখনও প্রশ্নবিদ্ধ বিরোধী দল হবে না : জি এম কদের

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২২:২৯

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাপা কখনোই প্রশ্নবিদ্ধ বিরোধী দল হবে না। জাতীয় সংসদে প্রকৃত বিরোধী দলের ভূমিকা রেখেই সাধারণ মানুষের আস্থা অর্জন করবে জাপা। গতকাল  সোমবার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে জিএম কাদেরকে রাজশাহী মহানগর জাপা নেতৃবৃন্দ শুভেচ্ছা জানাতে যান, তখন তিনি একথা বলেন।

জি এম কাদের বলেন, জাপা যাতে আগামী জাতীয় নির্বাচনের আগেই আরো শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সে চেষ্টা করতে হবে। আগামী দিনের রাজনীতিতে জাপার শক্তিশালী দলে পরিণত হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক সমীকরণে অনেক জনপ্রিয় ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত নেতাই যোগ দেবেন জাপায়। অনেক দল নিশ্চিহ্ন হলেও জাপা বেঁচে থাকবে সাধারণ মানুষের ভালোবাসায়। এসময় রাজশাহী মহানগর জাপার সাধারণ সম্পাদক মোস্তফা রহমান ডালিম, সহসভাপতি লুত্ফর রহমান, নজরুল ইসলাম, এনামুল হকসহ রাজশাহী মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।