শিবগঞ্জে আওয়ামী লীগ অফিসে হাতবোমা নিক্ষেপ

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২২:৩০

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের ১, ২ ও ৩নং ওয়ার্ডের দলীয় অফিসে হামলা ও হাতবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গত রবিবার রাতে উজিরপুর জলবাজারে এই ঘটনা ঘটে।

উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উদ্দিন জানান, রবিবার রাতে জলবাজারে অবস্থিত স্থানীয় আওয়ামী লীগের অফিসে হামলা চালায় একই এলাকার আবদুল মান্নানের ছেলে সামিউল ও রুহুল, একরামুলের ছেলে রানা, আবদুস সাত্তার ওরফে ফকির মিস্ত্রির ছেলে সারোয়ার, ডাকাতপাড়ার মজিবুর রহমানের ছেলে জাহির, নাইমুল ওরফে লাবলুর ছেলে টিটো ও আনারুলের ছেলে রাকিবের নেতৃত্বে একদল দুর্বৃত্ত। এ সময় দলীয় অফিস লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে তারা। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিঁড়ে ফেলে তারা। গত ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন সকালে উজিরপুর ইউনিয়নের ২১২নং হাউসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে কয়েকটি ককটেল ও হাতবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে পুলিশ সদস্যসহ তিনজন গুরুতর আহত হন। এ ঘটনায় পরদিন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মনিরুল ইসলাম বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। গত রবিবার মহসীন মেম্বারের ছেলে জামাল নামে এক আসামিকে পুলিশ গ্রেফতার করে। এরই জের ধরে হামলা ও হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটে বলে দাবি করেন বঙ্গবন্ধু মানবকল্যাণ পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উদ্দিন।

শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতবোমা নিক্ষেপের আলামত সংগ্রহ করে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।