যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৯ সালের ডেস্ক ক্যালেন্ডারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার অভিযোগে আদালতে মামলা হয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ডেস্ক ক্যালেন্ডারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যবহূত ছবি ‘বিকৃত করে’ প্রচার করা হচ্ছে। কর্তৃপক্ষ বিকৃত ছবি প্রচার করে গুজব ছড়ানো থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে।
অভিযোগ ওঠে, বিশ্ববিদ্যালয় ১২ পৃষ্ঠার ডেস্ক ক্যালেন্ডারের স্পাইরাল বাইন্ডিংয়ের একটি পাতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অনাকাঙ্ক্ষিতভাবে মাথার কিছু অংশ কাটা পড়েছে। এরপর শুরু হয় বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তা ছড়িয়ে পড়ে। এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।
ক্যালেন্ডারের এই অভিযোগ নিয়ে গতকাল দুপুরে যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। মামলায় অভিযুক্ত করা হয়েছে যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেনকে। একইসাথে তিনি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ইকবাল কবির জাহিদ ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক নাজমুল হাসানের বিরুদ্ধে আরেকটি মানহানির মামলা করেছেন। বিচারক অভিযোগ দুটি গ্রহণ করে যশোর কোতোয়ালি মডেল থানার ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিকৃত ছবি প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিয়ে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষক সমিতির সঙ্গে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
