সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধ নির্মাণে ধীরগতি

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২২:৩২

 

দ্রুত কাজ শেষ করতে তাগিদ, হাওর বাঁচাও আন্দোলনে মানববন্ধন

 সিলেট অফিস ও সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার বোরো ফসল আগাম বন্যার কবল থেকে রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণ কাজে ধীরগতির প্রতিবাদ জানিয়েছে হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন নামের সংগঠন। ৩ দফা দাবিতে জেলাব্যাপী একযোগে মানববন্ধন করেছে সংগঠনটি। গত শনিবার শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন করে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা হাওরের কৃষকের পক্ষে ৩ দফা দাবি তুলে ধরেন। তারা বলেন, ফসল রক্ষা বাঁধের নীতিমালা অনুযায়ী গণশুনানির মাধ্যমে কৃষকদের নিয়ে পিআইসি গঠন করার কথা থাকলেও তা মানছেন না সংশ্লিষ্টরা। তারা অবিলম্বে গণশুনানির মাধ্যমে পিআইসি গঠনের তাগিদ দেন। বক্তারা বলেন, ১৫ ডিসেম্বর বাঁধ নির্মাণ কাজ শুরু হওয়ার কথা থাকলেও এখনও ৬ উপজেলায় পিআইসি গঠন হয়নি। দ্রুত সময়ের মধ্যে পিআইসি গঠন করে শিগগিরই বাঁধ নির্মাণ কাজ শুরু করার দাবি জানান তারা। বক্তারা বলেন, অনেক হাওরে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা হচ্ছে, যা সরকারের সমপদ অপচয়ের সাথে সাথে কিছু স্বার্থান্বেষী মহলের স্বার্থ রক্ষা পাচ্ছে। এসব অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল করে প্রয়োজনীয় স্থানে প্রকল্প গ্রহণে দাবি জানান তারা। 

বক্তারা হুঁশিয়ার করে দিয়ে বলেন, প্রশাসনিক অনিয়ম, দুর্নীতি আর গাফিলতির কারণে যদি এবার কৃষক ফসল ঘরে তুলতে না পারে তবে এর সমুচিত জবাব দেওয়া হবে এবং কৃষকদের দাবি আদায়ে তারা সব সময় মাঠে থাকবেন বলেও দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সাংগঠনিক সমপাদক এমরানুল হক চৌধুরী, একে কুদরত পাশা, সদস্য ডা. মুরশেদ আলম, রবিউল ইসলাম, সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক প্রভাষক দুলাল মিয়া, সদস্য সচিব শহীদনুর আহমেদ প্রমুখ।

অন্যদিকে শনিবার সুনামগঞ্জ জেলায় হাওরের ফসল রক্ষা বাঁধের কার্যক্রমের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাঁধের কাজে কোনো প্রকার গাফিলতি সহ্য করা হবে না। যে বা যারাই বাঁধের কাজে অনিয়ম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন সম্পর্কে সুনামগঞ্জ পাউবো’র নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক গতকাল ইত্তেফাককে বলেন, পিআইসি গঠনের কাজ প্রায় শেষ। এরই মধ্যে ৬০টি প্রকল্পের কাজ শুরু হয়েছে।