রাতজাগা ফুলের প্রতীক্ষায়

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ১৯:২১

অ জে য়  চৌ ধু রী

 

বছরের শেষ সিনেমা হিসেবেই মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে টিভি নাটকের গুণী, জনপ্রিয় অভিনেতা ও পরিচালক মীর সাব্বির পরিচালিত প্রথম সিনেমা ‘রাতজাগা ফুল’। সিনেমার কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, গীত রচনা ও পরিচালনা করেছেন মীর সাব্বির। এটি একটি সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা। এরইমধ্যে সিনেমাটির শুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ। সিনেমাটির মূল বিষয়বস্তু ও সিনেমাটি মুক্তি দেওয়া প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘অন্ধকারের মধ্যেও যেমন ফুল ফোটে ঠিক তেমনি আমাদের সমাজের অন্ধকারের মধ্যেও কিছু মানুষ নিজেকে আলোকিত করে সমাজকে এগিয়ে নিয়ে যায় আলোর পথে। এটাই মূলত আমার গল্পের মূল বিষয়বস্তু। বেশ ভালোভাবে আমার পুরো ইউনিট এবং শিল্পীদের আন্তরিক সহযোগিতায় বেশ ভালোভাবে সিনেমার কাজ শেষ হয়েছে। এরইমধ্যে গানের কাজও প্রায় শেষ। আমি আশা করছি আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে বছরের শেষ সিনেমা হিসেবে আমার ‘রাতজাগা ফুল’ ইনশাল্লাহ মুক্তি দিতে পারব। ‘রাতজাগা ফুল’ আমার স্বপ্নের সিনেমা, তাই অনেক শ্রম দিয়ে, আন্তরিকতা দিয়ে, ভালোলাগা নিয়ে কাজটি শেষ করছি।’ সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমাটির সহকারী প্রযোজক হিসেবে আছে মীর সাব্বিরেরই প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফুলঝুড়ি মিডিয়া লিমিটেড’। সিনেমাটিতে  অভিনয় করেছেন মীর সাব্বির, দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, ডা. এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, জয়রাজ, আবু হোরায়রা তানভীর, ঐশী সহ আরো অনেকে। মীর সাব্বির শিগগিরই নতুন ধারাবাহিক নাটক ‘মাকড়শা’র নির্মাণ কাজ শুরু করবেন। এই মুহূর্তে তিনি বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। এসবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘বাকের খনি’, ‘দাদো’, ‘পন্ডিতের আখড়া’, ‘ফরেন ভিলেজ’, ‘জ্ঞানী গঞ্জের পন্ডিতেরা’, ‘কর্পোরেট ভালোবাসা’। এছাড়া শিগগরিই আরো কিছু নতুন ধারাবাহিক নাটকের কাজ শুরু করবেন তিনি। সিনেমায় মীর সাব্বির প্রথম অভিনয় করেন প্রয়াত আব্দুল্লাহ আল মামুনের ‘দুই বেয়াইয়ের কীর্তি’ সিনেমায়। পরবর্তী সময়ে তিনি চন্দন চৌধুরীর ‘কী যাদু করিলা’ সিনেমায় অভিনয় করেন। মীর সাব্বির পরিচালিত সবচেয়ে আলোচিত এবং দর্শকপ্রিয় নাটক হচ্ছে ‘নোয়াশাল’। এই নাটকে অভিনয় করেই তিনি সবচেয়ে বেশি আলোচিত হন নির্মাতা হিসেবে।