বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ ও মহড়া কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিংয়ের (কারাত) উদ্বোধন হয়েছে। এ মহড়ার মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরো উন্নত করা। পাশাপাশি দুই দেশের নৌবাহিনীর অপারেশনাল কার্যক্রম সম্পর্কে ধারণা অর্জন, নিজেদের সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত প্রযুক্তির সঙ্গে পরিচিতি লাভ করা, যা বিভিন্ন তাত্ত্বিক ও ব্যাবহারিক প্রশিক্ষণের মাধ্যমে সম্পন্ন করা হবে।
গতকাল বুধবার চট্টগ্রামের বিএন ফ্লিট হেডকোয়ার্টাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এ মহড়ার উদ্বোধন করেন কমান্ডার বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল এম মাহবুব-উল ইসলাম। মহড়ায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর প্রতিনিধি হিসেবে সিঙ্গাপুরের ডেস্ট্রয়ার স্কোয়াড্রন-৭-এর কমডোর ক্যাপ্টেন এ্যান ম্যাককান যোগ দেন। অনুষ্ঠানে মহড়ায় অংশগ্রহণকারী বাংলাদেশ নৌবাহিনীর জাহাজের সব অধিনায়ক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। কমান্ডার বিএন ফ্লিটের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ ও মহড়ায় যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘USNS MILLINOCKET’ এবং বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ, বিশেষায়িত ইউনিট সোয়াডস্ ও নেভাল এভিয়েশন অংশ নিচ্ছে।
