খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা ভাঙ্গুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা গ্রামের মৃত আমজাদ খাঁর স্ত্রী মোছাম্মত আলেয়া খাতুন (৬০) বুধবার ইউএনও বরাবর এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য জাহিদুল ইসলাম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ভুলবশত ঐ কার্ডের চাল অন্য একজনকে দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময়
চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা বেগমগঞ্জে আইনশৃঙ্খলার অবনতি ঘটায় প্রশাসনের উদ্যোগে বুধবার চৌমুহনী পৌর অডিটরিয়ামে উপজেলার সব জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ সর্বস্তরের প্রতিনিধিদের নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক খোরশেদ আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন।
কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় বুধবার কৃষি অফিস হলরুমে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা শামীম ইকবাল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জিন্নাত আরা পর্যায়ক্রমে প্রশিক্ষণ পরিচালনা করেন।
কৃষকরা পেল সবজি বীজ
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সবজি বীজ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে প্রায় ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে এসব সবজি বীজ বিতরণ করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানি রায়।
বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মো. আশরাফুর রহমান খানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-২ আসনের এমপি আলহাজ মো. ফরিদুল হক খান দুলাল।
নারীদের মধ্যে সেলাইমেশিন বিতরণ
জীবননগর সংবাদদাতা উপজেলায় অসহায় ৫৫ নারীর মধ্যে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব সেলাইমেশিন বিতরণ করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন এতে সভাপতিত্ব করেন।
বেকাররা পেল ঋণের চেক
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা জাতীয় যুব দিবস উপলক্ষ্যে উপজেলার বেকার যুবক ও মহিলাদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা যুব অধিদপ্তরের উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহিনা আক্তার।
যক্ষ্মা প্রতিরোধে মতবিনিময়
নরসিংদী প্রতিনিধি যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) নরসিংদীর উদ্যোগে বুধবার শহরের বাজিরমোড়স্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাটাব নরসিংদী জেলা শাখার সভাপতি রতন কুমার সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল ইসলাম।
