ইত্তেফাক রিপোর্ট
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এসএমই খাতের উন্নয়নে এগিয়ে আসতে পারে। এক্ষেত্রে ক্লাস্টারভিত্তিক ফাইন্যান্সিং ভালো ভূমিকা রাখতে পারে। এজন্য এলাকাভিত্তিক অগ্রাধিকার বিষয়গুলো চিহ্নিত করা যেতে পারে। এসএমই ফাউন্ডেশন এ বিষয়ে উদ্যোগ নিলেও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এ খাতে আরো বেশি কাজ করতে পারে। ‘অনলাইন ব্যাংকিং রিসার্চ ওয়ার্কশপ সিরিজ’-এর প্রথম অ্যাপিসোডে বক্তারা এসব কথা বলেন। গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অনলাইনে এটির আয়োজন করে। বিআইবিএমের মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান। আলোচনায় অংশ নেন বিআইবিএমের ড. মোজাফফর আহমদ চেয়ার প্রফেসর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. বরকত-এ-খোদা, বিআইবিএমের সুপারনিউমারির অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী, আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান, বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের মহাব্যবস্থাপক হোসনে আরা শিখা, বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন প্রধানিয়া। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএমের অধ্যাপক শাহ মো. আহসান হাবীব।
