ফিরেই শীর্ষে সাকিব

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২২:০৭

স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপে অতিমানবীয় পারফরম্যান্সে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। রাজ্য, সিংহাসন তার দখলেই ছিল। মাঝে এক বছর দৃশ্যপটে ছিলেন না অনাকাঙ্ক্ষিত ভুলে। সেই কালো সময়টা পার হতেই আবারও স্বীয় আসনে আসীন হলেন সাকিব আল হাসান। আইসিসির গতকাল প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র্যাংকিংয়ে অলরাউন্ডারদের সেরার মুকুট সাকিবের দখলেই রয়েছে।

ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হওয়ার সময়েও শীর্ষ অলরাউন্ডার ছিলেন এই বাঁহাতি। গত ২৮ অক্টোবর শেষ হয়েছে শাস্তির মেয়াদ। বুধবার পাকিস্তান-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ শেষ হতেই নতুন র্যাংকিং প্রকাশ করে আইসিসি। সেখানে ওয়ানডের ১ নম্বর অলরাউন্ডার সাকিব। ৩৭৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে এই বাংলাদেশি।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। আজ রাত ২টায় দেশে ফিরছেন এই বাঁহাতি অলরাউন্ডার। আসন্ন বঙ্গবন্ধু টি-২০ কাপ দিয়ে খেলায় ফিরবেন তিনি।

প্রায় দেড় বছর আগে শেষ ওয়ানডে খেলেছিলেন সাকিব। বিশ্বকাপে লর্ডসে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটাই ছিল তার শেষ ওয়ানডে। ২০১৯ সালের অক্টোবরে নিষিদ্ধ হওয়ার পর মাঠের বাইরে ছিটকে পড়েন। তিন ফরম্যাটেই র্যাংকিং থেকে কাটা পড়ে তার নাম। তখন সাকিবের রেটিং পয়েন্ট ছিল ৩৯৪। চলতি বছর মার্চে বাংলাদেশের হয়ে তিনটি ওয়ানডে মিস করেছেন তিনি। করোনার ধাক্কাসহ লম্বা এই সময়টাতে তাকে ছাড়িয়ে যেতে পারেননি কেউ।

সাকিবের না থাকার সময়টাতে শীর্ষে ছিলেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। সাকিব ফিরতেই নবীর স্থান দুইয়ে নেমে গেল। তার রেটিং পয়েন্ট ৩০১। অলরাউন্ডারদের র্যাংকিংয়ে তিনে ক্রিস ওকস ২৮১, চারে বেন স্টোকসের ২৭৬, পাঁচে থাকা ইমাদ ওয়াসিমের রেটিং পয়েন্ট ২৭১।

এখন পর্যন্ত টেস্টে শীর্ষ অলরাউন্ডার জেসন হোল্ডার, টি-২০ তে নবী। নিকট ভবিষ্যতে আইসিসি নতুন র্যাংকিং প্রকাশ করলে এই দুই ফরম্যাটে সাকিবের অবস্থান স্পষ্ট হবে।

ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে মুশফিকুর রহিম (১৬)। সাকিব-তামিম যৌথভাবে আছেন ২১তম স্থানে। বাংলাদেশের বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ শীর্ষে (১৪)। মুস্তাফিজুর রহমান ১৯, সাকিব রয়েছেন ২৮তম স্থানে।

জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে বড় উন্নতি হয়েছে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির। ক্যারিয়ারে প্রথমবার সেরা ২০ (১৬তম) জায়গা পেয়েছেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার।