স্পোর্টস রিপোর্টার
ডেনমার্ক থেকে ঢাকায় ফিরে কলকাতা মোহামেডানের জার্সি গায়ে ভারতের আই লিগে খেলার ব্যাপারে জামাল ভুঁইয়া সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন সব গুজব। গতকাল জামাল ভুঁইয়ার দল সাইফ স্পোর্টিং ক্লাব জানিয়েছে কলকাতা মোহামেডানে খেলার আগ্রহ দেখিয়ে জামাল তার ক্লাবের কাছে আবেদন করেছে। আবেদন পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী। ক্লাব হতে প্রকাশ করা হলেও জামাল ভুঁইয়া এখনো সংবাদমাধ্যমকে এড়িয়ে চলছেন। এরই মধ্যে কলকাতার সংবাদ মাধ্যমেও জামাল ভুঁইয়াকে নিয়ে খবর বেরিয়েছে।
নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘ভাই আমি এত কিছু জানি না। জামাল ভুঁইয়া একটি আবেদন করেছে। সে বোধহয় কলকাতা মোহামেডানে খেলতে চায়।’ কলকাতা মোহামেডান আই লিগে খেলছে। তারা ফুটবল শক্তি বাড়ানোর জন্য বিভিন্ন দেশের খেলোয়াড়দের কাছে টানছে। বিশেষ করে গত বছর অক্টোবরে কাতার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ভারতে গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। তখনই জামাল ভুঁইয়াকে কলকাতার ফুটবল সংগঠকদের মনে ধরেছিল। জামালের নেতৃত্বগুণ, ফিটনেস এবং তার ফুটবল নৈপুণ্য ওপার বাংলার নজর কেড়েছিল। সাইফ স্পোর্টিংয়ের নাসির উদ্দিন চৌধুরী জানালেন, কলকাতা মোহামেডান, জামাল ভুঁইয়া এবং তিন পক্ষ মিলে কাজ করছে। তিনি বলেন, ‘এখনই সবকিছু বলতে পারছি না।’
