মেসিকে সামলানো কঠিন নয়

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২২:০৮

কোম্যান

 স্পোর্টস ডেস্ক

‘লিওনেল মেসিকে সামলানো অত সহজ নয়’—কথাগুলো ছিল সাবেক বার্সেলোনা কোচ কিকে সেতিয়েনের। বর্তমান বার্সা কোচ রোনাল্ড কোম্যান অবশ্য সেতিয়েনের এ উক্তির সঙ্গে একমত নন। জানালেন পূর্বসূরির উক্তিতে সম্মান জানালেও মেসিকে সামলানো কঠিন কাজ নয়।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কোম্যান বলেন, ‘আমি সবার মতামতকে সম্মান জানাই, কিন্তু লিওই বিশ্বসেরা খেলোয়াড়। তার উচ্চাভিলাষ ও জেতার স্বভাবটাকে প্রতিদিন দেখি। তাকে সামলাতে আমার কোনো সমস্যা হয় না। সে দলের অধিনায়ক আর আমি তার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে প্রতি সপ্তাহেই মাঠের ও সাজঘরের অনেক ব্যাপার নিয়েই কথা বলে থাকি।’

মেসিকে সামলানো কোম্যানের জন্য কঠিন না হলেও, ডাচ কোচের অধীনে চলতি মৌসুমে এখনো পর্যন্ত ‘ওপেন-প্লে’ থেকে গোল পাননি আর্জেন্টাইন তারকা। কোচ কোম্যান অবশ্য এর পরেও অটল আছেন নিজের বক্তব্যের ওপর। জানালেন সেতিয়েনের মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করছেন তিনি, ‘আমি ব্যাপারগুলোকে ভিন্নভাবে দেখে থাকি। আর সেতিয়েনের কথায় সায় নেই আমার, যদিও তার মতামতকে আমি সম্মান জানাই। যদি তিনি এটা বলে থাকেন, তাহলে তার জন্য ব্যাপারটা তেমনই।’