ম্যারাডোনার সফল অস্ত্রোপচার

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২২:০৮

আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মস্তিষ্ক থেকে সফলভাবে জমাট রক্ত সরিয়ে নেওয়া হয়েছে। গত মঙ্গলবার অস্ত্রোপচার শেষে শল্যবিদ লেওপালদো লুক এ তথ্য জানান। এর আগে গত রবিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয় আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপজয়ী অধিনায়ককে। যদিও শুরুতে জানানো হয়, শারীরিক অবস্থা স্বাভাবিকই আছে তার, ভর্তি করা হয়েছে নিয়মিত চেকআপের জন্যই। অস্ত্রোপচার শেষের আগেই বুয়োনোস এইরেসের অলিভোস ক্লিনিকের সামনে জটলা বাধে উদ্বিগ্ন ভক্ত-সমর্থক ও সাংবাদিকদের। ম্যারাডোনার ব্যক্তিগত চিকিত্সক ও নিউরোসার্জন লুক সংবাদ মাধ্যমে অস্ত্রোপচারের পর বলেন, ‘তার মস্তিষ্ক থেকে হেমাটোমা (জমাট রক্ত) সফলভাবে সরিয়ে ফেলেছি আমি আর দিয়েগো নিজেও অস্ত্রোপচারটা ভালোভাবেই সহ্য করে নিয়েছে।’ তিনি আরো যোগ করেন, ‘দিয়েগো নিয়ন্ত্রণে আছেন। মস্তিষ্কে এখনো কিছু জলীয় পদার্থ আছে যা আমরা আগামীকাল (আজ) সকালে বের করার পরিকল্পনা করছি। তার হাসপাতালে থাকাটা নির্ভর করছে অবস্থার উন্নতির ওপর। কিন্তু শুরুটা বেশ ভালো হয়েছে। অস্ত্রোপচারের পর থেকে তিনি যে প্রতিক্রিয়া দেখাচ্ছেন তা বেশ আশানুরূপ।’