হাড্ডাহাড্ডি লড়াইয়ে থাকা ট্রাম্প
ফ্লোরিডার জয় নিশ্চিত করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আছেন ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় তিনি অভিযোগ করেছেন বিরোধী শিবির ভোট চুরির চেষ্টা করছে।
এরই মধ্যে ফ্লোরিডায় জয় নিশ্চিত করেছেন ট্রাম্প। এখানে ২৯টি ইলেকটোরাল ভোট রয়েছে। এ অঙ্গরাজ্য জয়ের ফলেই তার পুনঃনির্বাচনের আশা জেগে রয়েছে। এ অঙ্গরাজ্যে যদি বাইডেন জিততে পারতেন, তবে ট্রাম্পের আশা ধূলিসাত্ হয়ে যেত। তবে ফক্সের পূর্বাভাসে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়াতে ট্রাম্পকে পেছনে ফেলবেন বাইডেন। সেখানে ৫৫টি ইলেকটোরাল ভোট রয়েছে। এর পাশাপাশি ওরেগন অঙ্গরাজ্যও বাইডেনের দখলে চলে যেতে পারে। ওয়াশিংটনের ভোটও যেতে পারে বাইডেনের পক্ষেই।
তবে সুইং স্টেটগুলোর ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়ার আগে কে জিতবেন, তা বলা যাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প একটি টুইট বার্তায় বিরোধী পক্ষকে অভিযুক্ত করে বলছেন, ‘আমরা জয়ের ব্যাপারে আশাবাদী, কিন্তু তারা ভোট চুরির চেষ্টা করছে। আমরা কখনো তাদের সেটা করতে দেব না। নির্বাচন শেষ হওয়ার পরে ভোট গ্রহণ করা যায় না।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে। মার্কিন বার্তা সংস্থাগুলো জানিয়েছে, ভোটের পরিবেশ ছিল উত্সাহপূর্ণ ও ইতিবাচক। পরিস্থিতি ছিল অনেক শান্ত। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ভোট প্রদান করেন আমেরিকানরা।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৭টার মধ্যে অনেক অঙ্গরাজ্যে ভোটগ্রহণ বন্ধ হয়ে যাওয়ার কথা। ব্যাটল গ্রাউন্ড ওহাইয়ো ও নর্থ ক্যারোলাইনাতে সাড়ে ৭টার মধ্যে এবং পরবর্তী পাঁচ ঘণ্টার মধ্যে বন্ধ হওয়ার কথা বেশির ভাগ ভোটকেন্দ্র। সবশেষে ভোটকেন্দ্র বন্ধ হবে আলাস্কাতে। সেখানে স্থানীয় সময় বুধবার রাত ১টায় ভোটগ্রহণ শেষ হবে।
মঙ্গলবার ভোটের দিনের আগেই ১০ কোটি ২ লাখ মানুষ আগাম ভোট দিয়েছেন, যা ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মোট ভোটারের ৭৩ শতাংশ। ইলেকশন প্রজেক্টের জন্য তথ্য সংগ্রহকারী ইউনিভার্সিটি অব ফ্লোরিডার অধ্যাপক মাইকেল পি. ম্যাকডোনাল্ড জানিয়েছেন, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি হতে পারে ৬৭ শতাংশ। এমনটি হলে এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে দেশটির সর্বোচ্চ ভোটার উপস্থিতির রেকর্ড হবে।
