জয়ের আগেই ট্রাম্পকে অভিনন্দন স্লোভেনিয়ার

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২২:১৩

 রয়টার্স

যুক্তরাষ্ট্রের নির্বাচনে চূড়ান্ত ফল আসার আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জয়ের অভিনন্দন জানিয়েছে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ার দেশ স্লোভেনিয়া। দেশটির প্রধানমন্ত্রী ইয়ানেস জানেসা এক টুইটে ট্রাম্পকে শুভেচ্ছা জানান। এতে তিনি বলেন, ‘আমেরিকার জনগণ স্পষ্টতই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এবং মাইক পেন্সকেই আরো চার বছরের জন্য নির্বাচিত করেছে।’

ইউরোপীয় নেতাদের মধ্যে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীই প্রথম ট্রাম্পকে অভিনন্দন জানালেন। যুক্তরাষ্ট্র জুড়ে নির্বাচনে শক্তিশালী অবস্থানের জন্য ট্রাম্পের রিপাবলিকান পার্টিকেও তিনি অভিনন্দন জানিয়েছেন। ফলাফলে দেরি করে ট্রাম্পের বড় ধরনের চূড়ান্ত বিজয়কেই অস্বীকার করা হচ্ছে বলে মন্তব্য করেন জানেসা। যুক্তরাষ্ট্রের নির্বাচনে এ মুহূর্তে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। হাজার হাজার ভোট এখনো গণনার বাকি। গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে এখনো ভোটের ফল অস্পষ্ট। তবে ট্রাম্প এরই মধ্যে হোয়াইট হাউজে জয়ের বার্তা ঘোষণা করেছেন এবং নির্বাচন প্রক্রিয়ায় বড় ধরনের জালিয়াতি হওয়ার অভিযোগ করেছেন।