কলেজে ভর্তি হবেন। কিন্তু টিউশন ফি দেওয়ার সামর্থ্য নেই। এ রকম অর্থনৈতিক অনটনে থাকা ছাত্রছাত্রীদের জন্য অভিনব উপায় বের করল ইন্দোনেশিয়ার বালির একটি কলেজ। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, অর্থের বদলে ফি বাবদ নারকেল দিলেও পড়াশোনা করা যাবে ওই কলেজে।
বালির ওই কলেজের নাম দ্য ভেনাস ওয়ান ট্যুরিজম অ্যাকাডেমি। এখানে হোটেল ম্যানেজমেন্ট পড়ানো হয়। করোনা ভাইরাসের প্রকোপ এবং তার জেরে লকডাউনের জেরে আর্থিক সমস্যায় পড়েছেন সে দেশের বহু মানুষ। লকডাউনের পর থেকে সে কলেজের অনেক ছাত্রই টিউশন ফি দিতে পারেনি। সে জন্যই ‘ফি’ হিসেবে নারকেলের কথা ঘোষণা করেছেন কলেজ কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ এ ব্যাপারে স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ইনস্টলমেন্টে ফি দেওয়ার বিষয়টি আমরা আগেই চালু করেছি। বর্তমান পরিস্থিতিতে আমরা আরো নমনীয় হয়েছি। আমরা নারকেল তেল তৈরি করি। তাই কোনো ছাত্র ফি দিতে না পারলে, তার বদলে নারকেল দিলেই হবে।’ —আনন্দবাজার পত্রিকা
