আলোচিত ভারতীয় সাংবাদিক অর্ণব গোস্বামী গ্রেফতার

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২২:১৫

 বিবিসি ও  আলজাজিরা

ভারতের আলোচিত টেলিভিশন চ্যানেল রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র রাজ্যের পুলিশ। রিপাবলিক টিভি তাদের অফিসিয়াল টুইটার পাতায় ঘটনাটি নিশ্চিত করেছে।

গতকাল সকালে অর্ণবকে তার বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। গ্রেফতারের সময় অর্ণবকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে বলে নিজেদের প্রতিবেদনে দাবি করেছে রিপাবলিক টিভি। ভারতের সংবাদ সংস্থা পিটিআই বলেছে, ৫৩ বছর বয়সি একজন ইন্টেরিয়র ডিজাইনারের আত্মহত্যার ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। আত্মহত্যার ঐ ঘটনাটি দুই বছর আগে ঘটেছে। ২০১৮ সালের মে মাসে আত্মহত্যা করেন ইন্টেরিয়র ডিজাইনার অন্বয় নাইক ও তার মা কুমুদ নাইক। অন্বয়ের সুইসাইড নোটে অর্ণব গোস্বামী ছাড়া আরো দুই জনের নাম ছিল। অন্বয়ের মৃত্যুর পর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার একটি মামলা রুজু হয়েছিল। কিন্তু ২০১৯ সালে সেই মামলা বন্ধ করে দেয় রায়গড় পুলিশ। কিন্তু ২০২০-এর মে মাসে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ মামলাটি পুনরায় তদন্ত করার নির্দেশ দেয়।

অর্ণবের গ্রেফতারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতের একজন মন্ত্রী প্রকাশ জাভেদকর এই ঘটনাকে গণমাধ্যমের ওপর আঘাত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘এটা জরুরি অবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে।’ আরেক জন কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রসাদ বলেন, অর্ণব গোস্বামীর গ্রেফতার নিন্দনীয়, অযৌক্তিক ও দুশ্চিন্তার বিষয়। বিজেপির নেতা জয় পান্ডা পুলিশের সমালোচনা করে বলেন, বিষয়টিকে অঘোষিত এক জরুরি অবস্থার মতো মনে হচ্ছে। তবে এসব অভিযোগ নাকচ করে দিয়ে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, ‘মহারাষ্ট্রে আইনের পালন হয়। কারো বিরুদ্ধে প্রমাণ থাকলে পুলিশ ব্যবস্থা নেয়।’

উল্লেখ্য, ভারতের চলচ্চিত্র তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অর্ণব মুম্বাই পুলিশের সমালোচনায় সোচ্চার ছিলেন। নানা সময়ে তিনি মুম্বাই পুলিশ নিয়ে বিভিন্ন রকম বক্তব্য দিয়েছেন। মুম্বাই পুলিশ কমিশনারের উদ্দেশে তিনি বলেছিলেন, তার আর পদে থাকার অধিকার নেই। তবে সস্প্রতি রিপাবলিক টিভি নতুন করে আলোচনায় আসে টিআরপি নিয়ে পুলিশি তদন্তের সময়।