নম্বর ঠিক রেখে অপারেটর বদল এমএনপির খরচ কমে গেল। আগে যেখানে ১৫৮ টাকা লাগত, এখন সেখানে ৫৮ টাকা লাগবে। মধ্যে যে ১০০ টাকা সিম ট্যাক্স ছিল সেটা প্রত্যাহার করে নিয়েছে সরকার। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
সিম ট্যাক্স প্রত্যাহারের ফলে এমএনপির প্রতি মানুষের আগ্রহ বাড়বে-মনে করেন এমএনপি সেবাদাতা প্রতিষ্ঠান ইনফোজিলিয়ন বিডি টেলিটেকের ব্যবস্থাপনা পরিচালক মাবরুর হোসেন। গত অক্টোবর থেকে এই সেবা শুরু হয়। এখন পর্যন্ত লক্ষাধিক গ্রাহক সেবা নিয়েছেন বলে জানান তিনি। টাকার কারণেই অনেকে এতদিন আগ্রহী হননি।
অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ‘এমএনপি সেবা গ্রহণের ক্ষেত্রে, বর্তমান অপারেটরের সিমকার্ডের পরিবর্তে নতুন অপারেটরের সিম কার্ড গ্রহণের ক্ষেত্রে, প্রতিটি সিমকার্ডের বিপরীতে আরোপনীয় সমুদয় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অব্যাহতি দেওয়া হলো।’ মোবাইল অপারেটরদের মাসের প্রথম সপ্তাহের মধ্যে পূর্ববর্তী মাসে সিম কার্ডের সর্বমোট স্থিতি, এমএনপি সেবার বিপরীতে তাদের নেটওয়ার্ক কি পরিমাণ গ্রাহক ইন এবং আউট হয়েছে তার সংখ্যা ও অব্যাহতিপ্রাপ্ত শুল্ক করের পরিমাণ, অন্যান্য কারণে সিম কার্ড পরিবর্তন সংক্রান্ত তথ্য ও এ সংক্রান্ত আদায়কৃত শুল্ক-করের পরিমাণ পাঠাতে হবে।
এমএনপি সেবার সিম প্রতিস্থাপন কর তুলে নেওয়ার সিদ্ধান্ত খুবই ইতিবাচক একটি পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে মোবাইল অপারেটর রবি। প্রতিষ্ঠানটির হেড অব করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স শাহেদ আলম জানান, ‘এর ফলে এ সেবা নিতে গ্রাহকের আগ্রহ অনেকাংশেই বাড়বে, যার ফলে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।’
