পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রে যেই ক্ষমতায় আসুক আমাদের কোনো সমস্যা নাই। কারণ ব্যক্তি বিশেষের ওপর পররাষ্ট্রনীতি নির্ভর করে না। আমেরিকার পররাষ্ট্রনীতি কয়েকটি মূল্যবোধের ওপর নির্ভর করে, কিছু নীতি আছে এবং আমেরিকার স্বার্থের স্বপক্ষে যেগুলো করার সেগুলো তারা করে। গতকাল বুধবার নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা হবে। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের লোকেরা এখানে এসেছিলেন এবং তারা অনেক কাজ করার কথা বলেছেন। এটা যেই ক্ষমতায় আসুক সেই করবে। তিনি বলেন, অনেকের অসুবিধা হয়েছে, প্রবাসীদের অসুবিধা হয়েছে। কিন্তু আমাদের দেশের বড় উপকার হলো, তিনি টিপিপি বাতিল করলেন। অর্থাত্ আমাদের যারা বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী তাদের বিনা শুল্কে আমেরিকাতে জিনিস পাঠানোর পথ বন্ধ হলো। মানবাধিকার পরিস্থিতি নিয়ে ট্রাম্প প্রশাসনের তেমন মাথাব্যথা ছিল না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রাম্প প্রশাসন তার নিজের দেশ নিয়ে ব্যস্ত ছিল। অনেক সময়ে নাক গলায় নাই। বাইডেন ক্ষমতায় এলে কী হবে সে বিষয়ে বলেন, ভালো-মন্দ সবই আছে। বাইডেন জলবায়ু নিয়ে, অভিবাসন নিয়ে সোচ্চার।
