ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় ৫ আসামির বিরুদ্ধে ফের অভিযোগ গঠন করা হয়েছে। একইসঙ্গে ১২ নভেম্বর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য রেখেছে আদালত। গতকাল বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রবিউল আলম এই আদেশ দেন। এর আগে মামলাটি রায়ের পর্যায়ে গিয়েছিল। কিন্তু দণ্ডবিধির ১২০(বি) ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন না করায় পুনঃবিচারের আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদন মঞ্জুর করে গতকাল ৫ আসামির বিরুদ্ধে ফের অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আদালত।
আসামিরা হলেন, জঙ্গি সংগঠন আনাসারুল্লাহ বাংলা টিমের জিকরুল্লাহ ওরফে হাসান, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, মাওলানা জুনায়েদ আহম্মেদ ও সাইফুল ইসলাম। শেষোক্ত দুই জন আসামি শুরু থেকেই পলাতক রয়েছেন। অভিযোগ গঠনের পূর্বে তিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনান বিচারক। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। আদালত ঐ আবেদন খারিজ করে বিচার শুরুর আদেশ দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাউদ্দিন আহমেদ বলেন, শুধুমাত্র অপরাধজনক ষড়যন্ত্রে যে সব আসামি যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা ও আসামিদের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী বিচারিক হাকিমের নতুন করে সাক্ষ্য নেওয়া হবে। এর বাইরে যদি প্রয়োজন পড়ে, তবে আমরা রাষ্ট্রপক্ষের আরো দুই-এক জন সাক্ষীকে হাজির করতে পারি।
২০১৫ সালের ৩০ মার্চ রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ির দিপীকা মোড়ে ওয়াশিকুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওয়াশিকুরের ভগ্নিপতি মনির হোসেন মাসুদ বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেন।
