রংপুরে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এএসআই রায়হানুল ইসলাম ওরফে রাজুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এ ঘটনায় গ্রেফতার সুমাইয়া আক্তার মেঘলা ওরফে আলেয়া এবং সুরভি আক্তার ওরফে সমাপ্তির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার দুপুরে রংপুরের হারাগাছ থানা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা রানি চক্রবর্তী শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঐ তিন জনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন জানালে বিচারক গতকাল বুধবার শুনানির দিন ধার্য করেছিলেন। এদিকে রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন। তিনি বলেন, অধিকতর তদন্তের স্বার্থে আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন জানানো হয়। বিচারক এএসআই রায়হানুল ইসলামের পাঁচ দিন এবং দুই নারীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। এই মামলায় গ্রেফতার আরো দুই আসামি বাবুল হোসেন ও আবুল কালাম আজাদ গত ২৮ অক্টোবর ধর্ষণের দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। তাদের দুই জনকে কারাগারে রাখা হয়েছে।
